দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ১৬ সেপ্টেম্বর: মাত্র দেড়ঘণ্টার জন্য ফাঁকা ছিল বাড়ি। সেই সুযোগেই ‘মাস্টার কি’ দিয়ে তালা খুলে বাড়িতে ঢুকে সোনার গয়না ও নগদ টাকা চুরির অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। বুধবার দুপুরে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের বেনাচিতির নিবেদিতা প্লেস এলাকায়।
পরিবার সূত্রে জানা গিয়েছে, ঘটনার সময় বাড়ির মালিক মোহন ব্যানার্জী শ্মশানে গিয়েছিলেন। তাঁর স্ত্রী দেবশ্রী গিয়েছিলেন পাড়ার মন্দিরে। তাঁদের ছেলে ছিলেন কলেজে। ফলে কিছুক্ষণের জন্য বাড়ি ফাঁকা হয়ে যায়।
দেড়ঘণ্টা পর বাড়ি ফিরে দেবশ্রী দেখতে পান, পিছনের দরজা খোলা। তাঁর দাবি, ওই দরজা দিয়েই দুষ্কৃতীরা বাড়ির ভিতরে ঢোকে। এরপর দোতলায় গিয়ে দেখা যায়, আলমারি খোলা এবং জিনিসপত্র লণ্ডভণ্ড।
অভিযোগ, আলমারি থেকে সোনার গয়না এবং নগদ টাকা নিয়ে চম্পট দিয়েছে দুষ্কৃতীরা। বাড়ির সদস্যদের দাবি, ‘মাস্টার কি’ ব্যবহার করেই তালা খোলা হয়েছে। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় চাঞ্চল্য তৈরি হয়। প্রকাশ্য দিবালোকে আবাসিক এলাকায় বাড়িতে চুরির ঘটনায় আতঙ্কিত স্থানীয় বাসিন্দারাও।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দুর্গাপুর থানার পুলিশ। তদন্তকারীরা এলাকার সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখছেন। কীভাবে দুষ্কৃতীরা বাড়িতে ঢুকল, কতজন ছিল এবং ঘটনায় পরিচিত কারও যোগ রয়েছে কি না—সবদিকই খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।
আরও পড়ুন: মিটার রুমে আগুন, চরম আতঙ্ক সগরভাঙার নীলকণ্ঠ অ্যাপার্টমেন্টে


