দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ১৪ সেপ্টেম্বর: আকাশে মেঘ দেখা গেলেই নাকি বন্ধ করে দেওয়া হয় দূষণ নিয়ন্ত্রণের যন্ত্র! আর তার পরেই গলগল করে কালো ধোঁয়া মিশতে থাকে বাতাসে। এমনই অভিযোগ উঠেছে পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের ২৯ নম্বর ওয়ার্ডের স্টেট ডেয়ারি মোড় সংলগ্ন একটি ভাটাকে ঘিরে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, কালো ধোঁয়ায় চরম বিপাকে পড়তে হচ্ছে তাঁদের।
অভিযোগ, বৃষ্টির সম্ভাবনা দেখা দিলেই ভাটার দূষণ নিয়ন্ত্রণ যন্ত্র বন্ধ করে দেওয়া হয়। ফলে চিমনি থেকে নির্গত কালো ধোঁয়া সরাসরি বাতাসে মিশে এলাকায় দূষণ ছড়ায়। ভাটার এক কর্মীর দাবি, বৃষ্টি হলে দূষণ নিয়ন্ত্রণ যন্ত্রের মোটর পুড়ে যাওয়ার আশঙ্কা থাকে। সেই কারণেই বৃষ্টির সময় যন্ত্র বন্ধ রাখা হয়। যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন ভাটার এক মালিক দেবদীপ মজুমদার।
ঘটনাকে কেন্দ্র করে প্রশ্ন উঠেছে দূষণ নিয়ন্ত্রণের নজরদারি নিয়েও। নিয়ম মেনে ভাটায় দূষণ নিয়ন্ত্রণ ব্যবস্থা চলছে কি না এবং অভিযোগ সত্যি হলে কেন ব্যবস্থা নেওয়া হচ্ছে না, তা নিয়ে প্রশ্ন তুলছেন স্থানীয়রা। অন্যদিকে, দূষণের অভিযোগ সামনে আসার পর কড়া ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল এবং বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুন: মিটার রুমে আগুন, চরম আতঙ্ক সগরভাঙার নীলকণ্ঠ অ্যাপার্টমেন্টে


