দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ২৯ সেপ্টেম্বর: দুর্গাপুজোর আগে সম্মানজনক বোনাস, বকেয়া পাওনা মেটানো-সহ একাধিক দাবিতে পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের দুর্গাপুর স্টিল প্ল্যান্টে বিক্ষোভ দেখাল INTTUC অনুমোদিত হিন্দুস্থান স্টিল ওয়ার্কার্স ইউনিয়ন। বুধবার দুর্গাপুর স্টিল প্ল্যান্টের ED (Works) দফতরের সামনে মিছিল করে এসে বিক্ষোভ দেখান সংগঠনের নেতা-কর্মীরা।
পুজো বোনাসের পাশাপাশি এনজেসিএস-এর বকেয়া ও ৩৯ মাসের অ্যারিয়ার মেটানো, টাউনশিপের বেহাল রাস্তা সংস্কার, কারখানার ভিতরে বনশুয়োরের দৌরাত্ম্য বন্ধ, DSP মেন হাসপাতালে নতুন এক্স-রে মেশিন বসানো এবং আধুনিকীকরণ ও সম্প্রসারণের কাজে স্থানীয় যুবক-যুবতীদের অগ্রাধিকার দেওয়ার মতো মোট সাতটি দাবি জানানো হয়।
বিক্ষোভ শেষে দেবাশিস চৌধুরীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল ED (Works) সৌম্য তোকদারের হাতে সাত দফা দাবিসংবলিত স্মারকলিপি তুলে দেয়। সংগঠনের দাবি, আলোচনায় কর্তৃপক্ষ দাবিগুলিকে যুক্তিসঙ্গত বলে উল্লেখ করে দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়েছে।
সংগঠনের সাধারণ সম্পাদক (আহ্বায়ক) রজত দীক্ষিতের অভিযোগ, দীর্ঘদিন ধরে এনজেসিএস-এর বিভিন্ন বকেয়া এবং ৩৯ মাসের অ্যারিয়ার মেটানো হয়নি। পাশাপাশি কারখানার ভিতরে বনশুয়োরের অবাধ বিচরণে দুর্ঘটনার আশঙ্কাও রয়েছে বলে দাবি করেন তিনি।
রজত দীক্ষিত আরও অভিযোগ করেন, টাউনশিপের একাধিক রাস্তার অবস্থা অত্যন্ত খারাপ এবং এর জেরে দুর্ঘটনার ঘটনাও ঘটছে। DSP মেন হাসপাতালে দীর্ঘদিন ধরে এক্স-রে মেশিন খারাপ হয়ে পড়ে থাকার বিষয়টিও তিনি তুলে ধরেন।
একইসঙ্গে DSP-র আধুনিকীকরণ ও সম্প্রসারণের কাজে স্থানীয় বেকার যুবক-যুবতীদের অগ্রাধিকার দেওয়ার দাবি জানায় সংগঠন। দাবিগুলি দ্রুত পূরণ না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দেওয়া হয়েছে।
বিক্ষোভে উপস্থিত ছিলেন সংগঠনের কার্যকরী সভাপতি পরেশনাথ কর্মকার, সভাপতি রাণা সরকার, রবীন গাঙ্গুলী, শুভঙ্কর সরকার, উৎপল দে, শুভ্রকান্তি চট্টোপাধ্যায়, কৌশিক বন্দ্যোপাধ্যায়, সমীর রায়, অভিজিৎ সিনহা, দীপঙ্কর দুবে, সোমনাথ দত্ত-সহ অন্যান্য নেতা-কর্মীরা।
আরও পড়ুন: গুগল ম্যাপের দেখানো পথে গিয়ে বাইক সহ খাদে, সারারাত ‘নিখোঁজ’ যুবক!
(বিশেষ বিশেষ খবরের ভিডিয়ো দেখতে Durgapur Darpan Youtube Channel সাবস্ক্রাইব করুন)


