WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ২৪ অক্টোবর: বিজেপির বিজয়া সম্মিলনীর ব্যানার ও দলীয় পতাকা ছেঁড়ার অভিযোগ ঘিরে শনিবার উত্তপ্ত হয়ে উঠল দুর্গাপুরের ৭ নম্বর ওয়ার্ড। বিজেপি কর্মী ও তৃণমূল নেতা বান্টিং সিংহের অনুগামীদের মধ্যে হাতাহাতির পাশাপাশি ডিম ছোড়া এবং এক তৃণমূল কর্মীকে নর্দমায় ফেলে মারধরের অভিযোগ উঠেছে। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ডিএসপি টাউনশিপের বি-জোনের নিউটন অ্যাভিনিউয়ে ১১ নম্বর স্ট্রিটে বিজেপির দুর্গাপুর পূর্ব বিধানসভা কেন্দ্রের ১ নম্বর মণ্ডলের পক্ষ থেকে বিজয়া সম্মিলনীর ব্যানার ও পতাকা লাগানো হয়েছিল। বিজেপির দাবি, শনিবার সকালে সেগুলি ছেঁড়া অবস্থায় দেখতে পান কর্মীরা। এই ঘটনায় তৃণমূল নেতা বান্টিং সিংহ ও তাঁর অনুগামীদের বিরুদ্ধে অভিযোগ ওঠে। 

বিজেপির দাবি, এ নিয়ে বচসা থেকে হাতাহাতি শুরু হয়। পরে বান্টিং সিংয়ের বাড়ির সামনে জড়ো হয়ে তাঁর গ্রেফতারের দাবিতে স্লোগান দেন বিজেপি কর্মীরা। বাড়ি লক্ষ্য করে ডিম ছোড়া হয় বলেও অভিযোগ। একই সময়ে এক তৃণমূল কর্মীকে তাড়া করে নর্দমায় ফেলে মারধর করা হয় বলে অভিযোগ। বিজেপির মণ্ডল সাধারণ সম্পাদক দিব্যেন্দু গায়েন অবশ্য মারধরের অভিযোগ অস্বীকার করেছেন।

বিজেপির বুথ সভাপতি শর্মিলা ঘোষের অভিযোগ, ব্যানার ও পতাকা লাগানোর সময়ও হুমকির মুখে পড়তে হয়েছিল তাঁদের। দিব্যেন্দু গায়েন দোষীদের গ্রেফতারের দাবি জানিয়েছেন। বিজেপির জেলা মুখপাত্র সুমন্ত মণ্ডলও ঘটনার নিরপেক্ষ তদন্তের আবেদন জানিয়েছেন। বান্টিং সিংহের সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে।

আরও পড়ুন: বেনাচিতিতে পর পর তৃণমূল কর্মীদের বাড়িতে ভাঙচুর!

(বিশেষ বিশেষ খবরের ভিডিয়ো দেখতে Durgapur Darpan Youtube Channel সাবস্ক্রাইব করুন)