দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ২৫ অক্টোবর: গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়ে গেল দুর্গাপুরের সগরভাঙ্গা বিডিও অফিস মোড়ের একটি মিষ্টির দোকান। আগুনের লেলিহান শিখা ও গ্যাস সিলিন্ডার ফেটে যাওয়ার ঘটনায় এলাকায় ছড়িয়ে পড়ে আতঙ্ক। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের একটি ইঞ্জিন। দীর্ঘ চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
প্রাথমিকভাবে শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে অনুমান দমকলের। দোকানের ভিতরে থাকা গ্যাস সিলিন্ডার ফেটে যাওয়ায় আগুন আরও ভয়াবহ রূপ নেয় বলে জানা গিয়েছে। আগুনে দোকানের ভিতরে থাকা সমস্ত সামগ্রী পুড়ে ছাই হয়ে যায়।
তবে দমকলের দ্রুত তৎপরতায় আগুন আশপাশের দোকান বা এলাকায় ছড়িয়ে পড়তে পারেনি। কীভাবে আগুন লাগল, তা খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনায় দোকানটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
আরও পড়ুন: বেনাচিতিতে পর পর তৃণমূল কর্মীদের বাড়িতে ভাঙচুর!
(বিশেষ বিশেষ খবরের ভিডিয়ো দেখতে Durgapur Darpan Youtube Channel সাবস্ক্রাইব করুন)


