WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ১৪ নভেম্বর: খাদ্য সুরক্ষা দফতরের নজরদারিতে উঠে এল পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের গোপালমাঠ বাজারের একাধিক খাবারের দোকানের বেহাল ছবি। শনিবার আচমকা অভিযান চালিয়ে মুদিখানা ও বিরিয়ানির দোকান থেকে উদ্ধার হল মেয়াদোত্তীর্ণ সস, কাসুন্দি, জ্যাম, পচা মুরগির মাংস, বাসি আলু-পেঁয়াজ, নষ্ট মশলা এবং মেয়াদ পেরিয়ে যাওয়া দুধের প্যাকেট। শুধু তাই নয়, রান্নায় বারবার ব্যবহারের ফলে কালো হয়ে যাওয়া তেল এবং খাবারে ক্ষতিকর কৃত্রিম রং মেশানোর অভিযোগও সামনে এসেছে। উদ্ধার হওয়া নষ্ট ও মেয়াদোত্তীর্ণ খাদ্যসামগ্রী এবং তেল ঘটনাস্থলেই নষ্ট করে দেন দফতরের আধিকারিকরা।

উল্লেখ্য, দুর্গাপুজোর আগে এবং উৎসবের মরসুমেও গোপালমাঠ বাজারে অভিযান চালিয়েছিল খাদ্য সুরক্ষা দফতর। সেই সময় একাধিক মিষ্টি ও বিরিয়ানির দোকানের রান্নাঘর থেকে পচা খাবারের পাশাপাশি বিষাক্ত পোকামাকড়ও উদ্ধার হয়েছিল। সংশ্লিষ্ট দোকানদারদের বিরুদ্ধে পদক্ষেপ করার পাশাপাশি ভবিষ্যতে এমন গাফিলতি না করার সতর্কবার্তাও দেওয়া হয়েছিল। কিন্তু তার পরেও পরিস্থিতির বিশেষ পরিবর্তন হয়নি বলেই শনিবারের অভিযানে উঠে এসেছে।

এ দিন আচমকা তল্লাশিতে কয়েকটি মুদিখানার দোকান থেকে এমন সস, জ্যাম ও কাসুন্দির বোতল পাওয়া যায়, যেগুলির মেয়াদ অনেক আগেই শেষ হয়ে গিয়েছে। কয়েকটি বোতলে উৎপাদন ও মেয়াদ শেষের তারিখের কোনও উল্লেখই ছিল না। অন্য দিকে, বিরিয়ানির দোকানগুলিতে বাসি আলু, পেঁয়াজ ও মশলা ব্যবহার করা হচ্ছিল বলে অভিযোগ। দোকানের ডিপ ফ্রিজ পরীক্ষা করতে গিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে রাখা পচা মুরগির মাংস এবং মেয়াদোত্তীর্ণ দুধের প্যাকেটও উদ্ধার হয়।

রান্নার তেলের অবস্থাও ছিল উদ্বেগজনক। বারবার গরম করার ফলে তেল সম্পূর্ণ কালো হয়ে গিয়েছিল। পাশাপাশি খাবারকে আকর্ষণীয় করে তুলতে ক্ষতিকর কৃত্রিম রং ব্যবহারের বিষয়টিও নজরে আসে আধিকারিকদের। সমস্ত নষ্ট ও মেয়াদোত্তীর্ণ খাদ্যসামগ্রী দোকান থেকে বের করে একটি ফাঁকা জায়গায় নিয়ে গিয়ে নষ্ট করে দেওয়া হয়।

খাদ্য সুরক্ষা আধিকারিক শুভম ঘোষ জানান, সাধারণ মানুষের স্বাস্থ্যের সঙ্গে কোনও রকম আপস করা হবে না। শনিবারের অভিযানে প্রচুর পরিমাণে নষ্ট ও মেয়াদোত্তীর্ণ সস, কাসুন্দি, বিরিয়ানির বাসি উপকরণ, মশলা এবং খারাপ তেল উদ্ধার করে নষ্ট করা হয়েছে। খাবারে ক্ষতিকর কৃত্রিম রং মেশানো কিংবা খাদ্য সুরক্ষা বিধি অমান্য করার ঘটনায় জড়িত দোকানদারদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে বলেও তিনি জানান। তাঁর কথায়, সাধারণ মানুষের স্বাস্থ্য সুরক্ষায় এই ধরনের অভিযান আগামী দিনেও লাগাতার চলবে। তবে বারবার অভিযানের পরেও যদি একই ধরনের অনিয়ম সামনে আসে, তা হলে বাজারের খাদ্যসামগ্রীর গুণমান ও সাধারণ মানুষের স্বাস্থ্য সুরক্ষা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।

আরও পড়ুন: ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে উধাও সাড়ে ৫ লক্ষ! মাথায় হাত কাপড় ব্যবসায়ীর

(বিশেষ বিশেষ খবরের ভিডিয়ো দেখতে Durgapur Darpan Youtube Channel সাবস্ক্রাইব করুন)