WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ১৪ নভেম্বর: ছটপুজোর ঘাটে কুপন বিলিকে কেন্দ্র করে চাঁদার টাকা নিয়ে বচসা। সেই বচসা গড়াল মারধর ও দোকানে ভাঙচুরে। শনিবার পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের লিঙ্ক পার্ক ছটপুজোর ঘাটে এই ঘটনাকে ঘিরে উত্তেজনা ছড়ায়। ঘটনায় মণীশ মোদি, বিকাশ মোদি ও আশিস মোদিকে মারধরের অভিযোগ উঠেছে ছটপুজো কমিটির সদস্যদের বিরুদ্ধে। পরে উত্তেজিত লোকজন একটি দোকানে ঢুকে ভাঙচুর চালায় বলেও অভিযোগ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ওয়ারিয়া ফাঁড়ির পুলিশ। পরিস্থিতি সামাল দেওয়ার পাশাপাশি এই ঘটনায় তিন স্থানীয় বাসিন্দাকে গ্রেফতার করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার ছটঘাটে কুপন বিলি করছিলেন কমিটির সদস্য দিনেশ বরনওয়াল, মুকেশ সিংহ, নন্দকিশোর যাদব, শঙ্কর মিশ্র-সহ অন্যরা। অভিযোগ, প্রতিটি ডালার জন্য ৫০০ টাকা করে চাঁদা চাওয়া হচ্ছিল। মণীশ মোদি ওই টাকা দিতে অপারগতা প্রকাশ করে ৩০০ টাকা দেওয়ার কথা জানান। তা নিয়েই কমিটির সদস্যদের সঙ্গে তাঁর বচসা শুরু হয়। কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং মারধর শুরু হয় বলে অভিযোগ।

অভিযোগ, মণীশ মোদি ও তাঁর তিন ভাইয়ের উপর চড়াও হন কমিটির কয়েকজন সদস্য। তাঁদের মারধর করা হয়। এর পর একটি দোকানে ঢুকে ভাঙচুর চালানো হয় বলেও অভিযোগ উঠেছে। সংঘর্ষে কমিটির সদস্য সূরজ বরনওয়ালের মাথায় আঘাত লাগে। তাঁকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

ঘটনার পর এলাকায় ক্ষোভ ছড়ায়। স্থানীয় বাসিন্দাদের একাংশের অভিযোগ, আগে ছটপুজোর কমিটিগুলি চাঁদা সংগ্রহ করলেও কাউকে জোর করে টাকা দিতে বাধ্য করা হত না। কিন্তু এ বার আর্থিক ভাবে দুর্বল পরিবারগুলির উপরেও চাঁদা দেওয়ার জন্য চাপ সৃষ্টি করা হচ্ছে বলে অভিযোগ তাঁদের।

অন্য দিকে, কমিটির সদস্য দিনেশ বরনওয়াল জানান, ঘটনার সময় তাঁর ছেলের মাথায় আঘাত লেগেছে। পুলিশ ঘটনাস্থলে এসে তদন্ত করে তিন জনকে আটক করেছে। তাঁর দাবি, যাঁরা চাঁদা দিতে চাননি, তাঁদের সঙ্গে বচসা থেকেই ঘটনার সূত্রপাত। বিষয়টিকে বিরোধীরা অতিরঞ্জিত করে প্রচার করছে বলেও অভিযোগ করেন তিনি।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে। জোর করে চাঁদা আদায় এবং টাকা দিতে না চাওয়ায় মারধরের অভিযোগের ভিত্তিতে তিন জনকে গ্রেফতার করা হয়েছে।