WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ১৩ নভেম্বর: পঞ্চায়েত অফিসের মূল দরজা থেকে ঘরের ভিতরের আলমারি—তালা ভাঙা হয়েছে একের পর এক। পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুর-ফরিদপুর ব্লকের জেমুয়া গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে আটটি আলমারির তালা ভেঙে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। আর এই ঘটনাকে ঘিরেই শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতর। বিজেপির অভিযোগ, পঞ্চায়েতে গত কয়েক বছরে হওয়া দুর্নীতির প্রমাণ লোপাট করতেই পরিকল্পিতভাবে ফাইল সরানোর চেষ্টা হয়েছে। যদিও সেই অভিযোগ সরাসরি অস্বীকার করেছেন পঞ্চায়েতের তৃণমূল প্রধান সপ্তসতী সেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ৭ নভেম্বর থেকে বন্ধ ছিল পঞ্চায়েত কার্যালয়। শুক্রবার সকালে অফিস খুলতে এসে অস্বাভাবিক পরিস্থিতি নজরে পড়ে পঞ্চায়েত সচিব আশিস কুমার শৌয়ের। দেখা যায়, অফিসের মূল দরজার তালা ভাঙা। ভিতরে ঢুকে আরও চমকে যান তিনি। ঘরের দরজার তালা ভাঙার পাশাপাশি ভিতরে থাকা আটটি আলমারির তালাও ভাঙা হয়েছে।

ঘটনার খবর ছড়িয়ে পড়তেই পঞ্চায়েত কার্যালয়ে ভিড় জমাতে শুরু করেন স্থানীয় বাসিন্দারা। কিছুক্ষণের মধ্যেই সেখানে পৌঁছে যান বিজেপির কর্মী-সমর্থকেরা। পঞ্চায়েতের সামনে শুরু হয় বিক্ষোভ। তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের বিরুদ্ধে স্লোগান তোলেন তাঁরা। পরিস্থিতি সামাল দিতে খবর দেওয়া হয় নিউ টাউনশিপ থানায়। আসে পুলিশ।

বিজেপির স্থানীয় নেতা অমর দাসের অভিযোগ, এই ঘটনা নিছক চুরি নয়। তাঁর বক্তব্য, “আমাদের সন্দেহ, তৃণমূল আমলের দুর্নীতি ঢাকতে পরিকল্পিতভাবে ফাইল সরানোর জন্যই পর পর আটটি আলমারির তালা ভাঙা হয়েছে। আমরা নিরপেক্ষ তদন্ত এবং দোষীদের কঠোর শাস্তি চাই।” বিজেপির অভিযোগ উড়িয়ে দিয়েছেন জেমুয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান সপ্তসতী সেন। তাঁর বক্তব্য, আলমারিগুলিতে থাকা সমস্ত ফাইল আদৌ চুরি হয়েছে কি না, তা আগে খতিয়ে দেখা প্রয়োজন। তবে পঞ্চায়েত সহায়কের একটি ডায়েরি খুঁজে পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন তিনি।

আরও পড়ুন: ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে উধাও সাড়ে ৫ লক্ষ! মাথায় হাত কাপড় ব্যবসায়ীর

(বিশেষ বিশেষ খবরের ভিডিয়ো দেখতে Durgapur Darpan Youtube Channel সাবস্ক্রাইব করুন)