দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ১৩ নভেম্বর: পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের পাণ্ডবেশ্বর বিধানসভার ফরিদপুর (লাউদোহা) থানার জব্বরপল্লিতে কালীপুজোর বিসর্জন ঘিরে যুবক খুনের ঘটনায় আরও এক অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ। ধৃতের নাম অজয় নন্দী। সে এই ঘটনায় ধৃত বিজয় নন্দীর ভাই। বৃহস্পতিবার রাতে তাকে গ্রেফতার করা হয়। শুক্রবার দুর্গাপুর আদালতে পেশ করা হলে বিচারক তার জামিনের আবেদন খারিজ করে পুলিশি হেফাজতের নির্দেশ দেন।
বুধবার রাতে কালীপ্রতিমা বিসর্জন চলাকালীন শ্যামকুমার দাস ওরফে সায়নকে পিটিয়ে খুনের অভিযোগ ওঠে। এই ঘটনায় বুধবার রাতেই বিজয় নন্দী ও প্রসূন পাণ্ডেকে গ্রেফতার করেছিল পুলিশ। অজয়কে নিয়ে এই ঘটনায় ধৃতের সংখ্যা বেড়ে হল তিন।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, জমি নিয়ে বিজয় নন্দী, তার ভাই অজয় এবং প্রসূনের সঙ্গে সায়নের দীর্ঘদিনের বিবাদ ছিল। বুধবার রাতে বিসর্জন সেরে বাড়ি ফেরার পথে সায়নের উপর রড ও বাঁশ দিয়ে হামলা চালানো হয় বলে অভিযোগ। গুরুতর আহত অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।
শুক্রবার পাণ্ডবেশ্বরের বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি সায়নের বাড়িতে যান। সেখানে মৃতের বাবা-মা ও পরিবারের অন্য সদস্যদের সঙ্গে দেখা করে তাঁদের সমবেদনা জানান। পরিবারকে ন্যায়বিচার পাইয়ে দেওয়ার আশ্বাসও দেন তিনি।
এই ঘটনার কথা জানতে পেরে মুখ্যমন্ত্রীও দুঃখপ্রকাশ করেছিলেন বলে জানিয়েছেন বিধায়ক। পাশাপাশি, মৃতের পরিবারকে ১০ লক্ষ টাকা আর্থিক সাহায্য এবং পরিবারের এক সদস্যকে রাজ্য সরকারের কোনও দফতরে চুক্তিভিত্তিক কাজে নিয়োগের আশ্বাস দেওয়া হয়েছে বলেও জানান জিতেন্দ্র।
আরও পড়ুন: ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে উধাও সাড়ে ৫ লক্ষ! মাথায় হাত কাপড় ব্যবসায়ীর
(বিশেষ বিশেষ খবরের ভিডিয়ো দেখতে Durgapur Darpan Youtube Channel সাবস্ক্রাইব করুন)


