WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ১৪ নভেম্বর: সদ্যোজাত সন্তানকে ঘিরে চাঞ্চল্যকর অভিযোগ পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুর মহকুমা হাসপাতালে। কড়ঙ্গপাড়ার এক প্রসূতির পরিবারের দাবি, সন্তান জন্মের পর একবারের জন্যও মায়ের কোলে দেওয়া হয়নি তাকে। হাসপাতালের তরফে জানানো হয়, মৃত সন্তানের জন্ম দিয়েছেন ওই মহিলা। কিন্তু পরিবারের অভিযোগ, প্রসবের পর শিশুর কান্নার আওয়াজ শুনেছিলেন প্রসূতি। এমনকি শিশুটিকে পাচার করে দেওয়া হয়েছে বলেও সন্দেহ প্রকাশ করেছে পরিবার। ঘটনার নিরপেক্ষ তদন্ত ও সদ্যোজাতকে ফিরিয়ে দেওয়ার দাবিতে শনিবার সন্ধ্যায় হাসপাতালে বিক্ষোভ দেখায় বিজেপি মহিলা মোর্চা। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। যদিও হাসপাতাল সুপারের দাবি, মৃত সন্তান প্রসব করেছিলেন ওই মহিলা। বিশেষ কারণে শিশুর দেহ মর্গে রাখতে হয়েছে।

পরিবার সূত্রে জানা গিয়েছে, গত ৮ নভেম্বর ওই প্রসূতিকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তিনি একটি পুত্রসন্তানের জন্ম দেন। পরিবারের অভিযোগ, প্রসবের পর শিশুকে মায়ের কাছে দেওয়া হয়নি। হাসপাতাল কর্তৃপক্ষ শিশুর মৃত্যুর কথা জানায়। অন্যদিকে, পরিবারের দাবি, প্রসবের পর শিশুর কান্নার আওয়াজ শুনেছিলেন প্রসূতি। এই ঘটনাকে কেন্দ্র করেই পরিবারের মধ্যে সন্দেহ তৈরি হয়। শুক্রবার বিষয়টি স্থানীয় বিজেপি কর্মীদের জানানো হয়। শনিবার সন্ধ্যায় বিজেপি মহিলা মোর্চার কর্মীরা হাসপাতালে গিয়ে বিক্ষোভ শুরু করেন।

শিশুটিকে পাচার করে দেওয়া হয়েছে বলে অভিযোগ তুলে পরিবারের তরফে দ্রুত তাকে ফিরিয়ে আনার দাবি জানানো হয়। মহিলা মোর্চার নেত্রী চৈতালী নায়কের বক্তব্য, শিশুটি মৃত অবস্থায় জন্ম নিয়ে থাকলেও তার দেহ পরিবারের হাতে তুলে দেওয়া উচিত ছিল। ঠিক কী ঘটেছে, তা নিয়ে সংশয় রয়েছে। তাই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত প্রয়োজন। খবর পেয়ে হাসপাতালে পৌঁছয় পুলিশ। বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন আধিকারিকরা। হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলার আশ্বাস দেওয়া হলে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়। পুলিশের উদ্যোগে হাসপাতাল সুপার ধীমান মণ্ডলের সঙ্গে পরিবারের কথা বলার ব্যবস্থাও করা হয়।

অন্যদিকে, হাসপাতাল সুপার ধীমান মণ্ডল পরিবারের অভিযোগের জবাবে জানান, প্রসূতিকে প্রথমে স্বাভাবিক প্রসব করানোর চেষ্টা করা হয়েছিল। কিন্তু ওই মহিলা মানসিক ভারসাম্যহীন হওয়ায় পরিস্থিতি জটিল হয়ে ওঠে। পরে তাঁকে অপারেশন থিয়েটারে নিয়ে গিয়ে অজ্ঞান করা হয়। চিকিৎসকেরা পরীক্ষা করে দেখেন, গর্ভস্থ শিশুটির কয়েক ঘণ্টা আগেই মৃত্যু হয়েছে। এরপর অস্ত্রোপচারের মাধ্যমে মৃত শিশুটিকে বের করা হয়।

সুপারের বক্তব্য, সেই সময় পরিবারের কেউ হাসপাতালে উপস্থিত ছিলেন না। তাই শিশুর দেহ মর্গে পাঠানো হয়। অন্যদিকে, প্রসূতিকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে রেখে চিকিৎসা করা হয়। পরের দিনও পরিবারের কেউ হাসপাতালে আসেননি। সুস্থ হওয়ার পর প্রসূতিকে ছুটি দেওয়া হয়। হাসপাতাল সুপার আরও জানান, পরিবারের সঙ্গে কথা হয়েছে এবং তাঁদের পুরো বিষয়টি জানানো হয়েছে। পরিবারের তরফে লিখিত আবেদন জমা দেওয়া হলে নিয়ম মেনে তদন্ত করা হবে। পরিবারের অভিযোগ এবং হাসপাতাল কর্তৃপক্ষের বক্তব্যের মধ্যে তৈরি হয়েছে একাধিক প্রশ্ন। সদ্যোজাতের মৃত্যুর প্রকৃত পরিস্থিতি কী ছিল, কোথায় রাখা হয়েছে তার দেহ এবং পরিবারের কাছে বিষয়টি যথাযথ ভাবে জানানো হয়েছিল কি না, তা নিয়ে স্বচ্ছ তদন্তের দাবি উঠেছে।

আরও পড়ুন: ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে উধাও সাড়ে ৫ লক্ষ! মাথায় হাত কাপড় ব্যবসায়ীর

(বিশেষ বিশেষ খবরের ভিডিয়ো দেখতে Durgapur Darpan Youtube Channel সাবস্ক্রাইব করুন)