দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ১৯ নভেম্বর: হোটেলে টিভি সংযোগের কাজ করতে গিয়ে হাইটেনশন বিদ্যুতের তারের সংস্পর্শে এসে গুরুতরভাবে ঝলসে গেলেন দুই কর্মী। বুধবার দুপুরে পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের স্টিল পার্ক এলাকার রয়্যাল গ্যালাক্সি হোটেলে এই দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে সায়ন হালদার নামে এক যুবকের শারীরিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। তাঁর শরীরের বেশিরভাগ অংশ পুড়ে গিয়েছে বলে জানা গিয়েছে। গুরুতর অবস্থায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্য আহত কর্মীর চিকিৎসা চলছে দুর্গাপুর মহকুমা হাসপাতালে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হোটেলে টিভি সংযোগ দেওয়ার জন্য একটি ওয়াই-ফাই পরিষেবা প্রদানকারী সংস্থার কর্মীদের ডাকা হয়েছিল। বুধবার দুপুরে হোটেলের ছ’তলা থেকে নীচে তার নামানোর কাজ করছিলেন তাঁরা। সেই সময় হোটেলের পিছন দিয়ে যাওয়া হাইটেনশন বিদ্যুতের লাইনের সংস্পর্শে চলে আসে তার। মুহূর্তের মধ্যে বিকট শব্দে বিস্ফোরণের মতো ঘটনা ঘটে। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতরভাবে ঝলসে যান দুই কর্মী।
হোটেলের ম্যানেজার অরিন্দম পুরী জানিয়েছেন, দুর্ঘটনার সময় কর্মীদের কাছে গ্লাভস ও সেফটি বেল্টের মতো প্রাথমিক সুরক্ষা সরঞ্জাম ছিল না। আহত সায়নের মা সুচরিতা হালদার জানিয়েছেন, বুধবার সকাল সাড়ে ১১টা নাগাদ কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়েছিলেন তাঁর ছেলে। দুপুর দুটো নাগাদ সায়নের এক বন্ধু ফোন করে দুর্ঘটনার খবর দেন।
ঘটনার খবর পেয়ে হাসপাতালে পৌঁছন বিজেপির যুব নেতা পারিজাত গঙ্গোপাধ্যায়। আহতদের চিকিৎসার বিষয়ে সহযোগিতার আশ্বাস দেন তিনি। তাঁর দাবি, সায়নের কাছে মেডিক্লেম বা স্বাস্থ্যসাথী কার্ড কোনওটাই নেই। তাই সায়নের চিকিৎসার সম্পূর্ণ খরচ তিনি নিজেই বহন করবেন। অন্যদিকে, দুর্ঘটনার পর ওয়াই-ফাই পরিষেবা প্রদানকারী সংস্থার স্থানীয় কার্যালয়ের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে পুলিশ। কিন্তু সংস্থার আধিকারিকদের মোবাইল ফোন বন্ধ থাকায় তাঁদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি বলে জানা গিয়েছে। কীভাবে এই দুর্ঘটনা ঘটল, কাজের সময় প্রয়োজনীয় নিরাপত্তাবিধি মানা হয়েছিল কি না এবং সংশ্লিষ্ট সংস্থার ভূমিকা কী ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
আরও পড়ুন: ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে উধাও সাড়ে ৫ লক্ষ! মাথায় হাত কাপড় ব্যবসায়ীর
(বিশেষ বিশেষ খবরের ভিডিয়ো দেখতে Durgapur Darpan Youtube Channel সাবস্ক্রাইব করুন)


