দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ১৬ নভেম্বর: মদ, গাঁজা ও ব্রাউন সুগারের আসর বসার অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের গোপালপুর উত্তরপাড়া। স্থানীয় বাসিন্দাদের একাংশের অভিযোগ, এলাকায় দীর্ঘদিন ধরে চলা নেশার ঠেকের প্রতিবাদ করতে গিয়েই সংঘর্ষে জড়িয়ে পড়েন দুই পক্ষ। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছয় যে, মাথা ফেটে রক্তাক্ত হন একাধিক মহিলা। ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর জখম হন এক ব্যক্তি। আহত হন আরও বেশ কয়েকজন। রবিবার রাতের এই ঘটনাকে ঘিরে সোমবার সকালেও এলাকায় নতুন করে উত্তেজনা ছড়ায়। পরিস্থিতি সামাল দিতে দু’দফায় ঘটনাস্থলে পৌঁছয় কাঁকসা থানার পুলিশ বাহিনী।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার রাতে গোপালপুর উত্তরপাড়ায় প্রথমে দুই পক্ষের মধ্যে বচসা শুরু হয়। বাসিন্দাদের অভিযোগ, এলাকায় দীর্ঘদিন ধরেই মদ ও গাঁজার আসর বসছে। এমনকি ব্রাউন সুগারের কারবার ও সেবনের অভিযোগও উঠেছে। এই ধরনের কার্যকলাপ বন্ধের দাবিতে সরব হয়েছিলেন এলাকার কয়েকজন বাসিন্দা। তাঁদের অভিযোগ, সেই প্রতিবাদকে কেন্দ্র করেই বিবাদের সূত্রপাত।
অভিযোগ, প্রথমে কথা কাটাকাটি হলেও কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি হাতাহাতি ও মারধরের পর্যায়ে পৌঁছে যায়। চলে ধস্তাধস্তি। সংঘর্ষের সময় ধারালো অস্ত্র দিয়ে হামলা চালানোর অভিযোগও উঠেছে। তাতেই এক ব্যক্তি গুরুতর জখম হন। মাথায় আঘাত লেগে রক্তাক্ত হন একাধিক মহিলা। ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন।
আহতদের মধ্যে কয়েকজনকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অন্য কয়েকজনের চিকিৎসা চলছে রাজবাঁধের একটি বেসরকারি হাসপাতালে। এই ঘটনাকে কেন্দ্র করে রাতেই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
কিন্তু রাতের ঘটনার রেশ কাটতে না কাটতেই সোমবার সকালে ফের উত্তপ্ত হয়ে ওঠে গোপালপুর উত্তরপাড়া। নতুন করে উত্তেজনা ছড়ানোর খবর পেয়ে দ্বিতীয়বারের জন্য এলাকায় পৌঁছয় কাঁকসা থানার বিশাল পুলিশ বাহিনী। পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় পুলিশি টহল ও নজরদারি জারি রাখা হয়েছে।
ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলেও শুরু হয়েছে তৎপরতা। দুর্গাপুর পূর্বের বিজেপি বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় এলাকায় নেশার ঠেক চলার অভিযোগ তুলে পুলিশকে আরও সক্রিয় হওয়ার বার্তা দিয়েছেন। তাঁর দাবি, এই ধরনের কার্যকলাপের খবর পাওয়ার পরই পুলিশকে বিষয়টি জানানো হয়েছিল। পুলিশ ইতিমধ্যে কয়েকজনকে আটক করেছে বলেও জানান তিনি।
বিধায়কের কথায়, “আমি জানতে পেরেছি, এলাকায় মদ, গাঁজা ও ব্রাউন সুগারের আসর বসে। এই খবর পাওয়ামাত্রই আমরা পুলিশকে জানিয়েছি। পুলিশ গিয়ে ব্যবস্থা গ্রহণ করেছে। যারা এই ঘটনা ঘটাচ্ছে, তাদের বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ। পুলিশ নজরদারি চালাচ্ছে। আগামী দিনে যদি এই ধরনের ঘটনা আবার ঘটে, পুলিশকে কীভাবে কাজ করাতে হয়, আমাদের জানা আছে। সেইভাবেই করানো হবে।”
আরও পড়ুন: ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে উধাও সাড়ে ৫ লক্ষ! মাথায় হাত কাপড় ব্যবসায়ীর
(বিশেষ বিশেষ খবরের ভিডিয়ো দেখতে Durgapur Darpan Youtube Channel সাবস্ক্রাইব করুন)


