দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ১৬ নভেম্বর: কাজের নিশ্চয়তা থেকে সামাজিক সুরক্ষা—পরিবহণ কর্মীদের একাধিক দাবি নিয়ে এবার দিল্লিতে শক্তি প্রদর্শনের প্রস্তুতি। আগামী ১৮ নভেম্বর দিল্লির রামলীলা ময়দানে দেশজুড়ে পরিবহণ কর্মী ও চালকদের নিয়ে মহাসমাবেশের ডাক দিয়েছে ভারতীয় পরিবহণ মজদুর মহাসংঘ। সেই সমাবেশে যোগ দিতে সোমবার পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুর থেকে দিল্লির উদ্দেশে রওনা দিলেন দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের (এসবিএসটিসি) ৬২ জন কর্মী।
সংগঠনের নেতা মধুসূদন দত্তের নেতৃত্বে বাসে চেপে দিল্লির উদ্দেশে যাত্রা শুরু করেন তাঁরা। আয়োজকদের দাবি, দেশের বিভিন্ন প্রান্তের রাষ্ট্রায়ত্ত ও রাজ্য সরকারি পরিবহণ সংস্থার চালক এবং কর্মীরা এই সমাবেশে অংশ নেবেন। কর্মীদের কাজের নিরাপত্তা সুনিশ্চিত করা, সামাজিক সুরক্ষার আওতায় আনা এবং পরিবহণ শ্রমিকদের স্বার্থরক্ষায় পৃথক শ্রমিক কল্যাণ বোর্ড গঠন-সহ একাধিক দাবি উঠবে ওই মঞ্চ থেকে। পরিবহণ ক্ষেত্রের কর্মীদের বিভিন্ন সমস্যা ও অধিকার নিয়ে কেন্দ্রের দৃষ্টি আকর্ষণ করাই এই কর্মসূচির অন্যতম লক্ষ্য।
আরও পড়ুন: ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে উধাও সাড়ে ৫ লক্ষ! মাথায় হাত কাপড় ব্যবসায়ীর
(বিশেষ বিশেষ খবরের ভিডিয়ো দেখতে Durgapur Darpan Youtube Channel সাবস্ক্রাইব করুন)


