দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ২৮ নভেম্বর: জনজাতি সমাজের ঐতিহ্য, সংগ্রাম ও আত্মপরিচয়কে সম্মান জানাতে পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের কেন্দ্রীয় গবেষণাগার সিএসআইআর-সিএমইআরআইয়ে আয়োজিত হল জনজাতি গৌরব উৎসব। শনিবার অনুষ্ঠানের উদ্বোধন করেন রাজ্যের আদিবাসী উন্নয়ন ও অনগ্রসর শ্রেণি কল্যাণ দফতরের মন্ত্রী ক্ষুদিরাম টুডু। উপস্থিত ছিলেন সিএমইআরআইয়ের অধিকর্তা নরেশ চন্দ্র মুর্মু-সহ প্রতিষ্ঠানের বিজ্ঞানী, আধিকারিক ও কর্মীরা।
অনুষ্ঠানে জনজাতি সমাজের ঐতিহ্য ও সংগ্রামের ইতিহাস স্মরণ করার পাশাপাশি প্রান্তিক মানুষের জীবনযাত্রার মানোন্নয়নে বিজ্ঞান ও প্রযুক্তির ভূমিকা নিয়েও আলোচনা হয়। বক্তব্য রাখতে গিয়ে সিএমইআরআইয়ের গবেষণা ও প্রযুক্তিগত উদ্ভাবনের ভূয়সী প্রশংসা করেন মন্ত্রী।
ক্ষুদিরাম টুডুর দাবি, সাধারণ মানুষের প্রয়োজনের কথা মাথায় রেখে সিএমইআরআইয়ে ক্ষুদ্র ট্রাক্টর-সহ বিভিন্ন ধরনের আধুনিক কৃষি যন্ত্রপাতি তৈরি করা হচ্ছে। বিশেষ করে কৃষিকাজের সঙ্গে যুক্ত গ্রামীণ মানুষের কাছে এই যন্ত্রগুলি যথেষ্ট কার্যকর হয়ে উঠছে। আধুনিক প্রযুক্তির ব্যবহারে কৃষিকাজ আরও সহজ হওয়ার পাশাপাশি গ্রামীণ অর্থনীতিও উপকৃত হচ্ছে বলে জানান তিনি।
মন্ত্রী বলেন, গবেষণাগারে প্রযুক্তির উদ্ভাবনই শেষ কথা নয়, সেই প্রযুক্তির সুফল যাতে সমাজের প্রান্তিক স্তরের মানুষের কাছে পৌঁছে যায়, তা নিশ্চিত করাও জরুরি। সাধারণ মানুষের দৈনন্দিন কাজের সুবিধা এবং আর্থিক উন্নয়নে গবেষণাগারের এই ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। এ দিনের অনুষ্ঠানে জনজাতি সমাজের সাংস্কৃতিক ঐতিহ্য ও আত্মমর্যাদার প্রসঙ্গের পাশাপাশি বিজ্ঞানভিত্তিক উন্নয়নের উপরেও বিশেষ গুরুত্ব দেওয়া হয়। গবেষণাগারের উদ্ভাবনকে সাধারণ মানুষের জীবনযাত্রার সঙ্গে যুক্ত করার বার্তাও উঠে আসে উৎসবের মঞ্চ থেকে।
আরও পড়ুন: ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে উধাও সাড়ে ৫ লক্ষ! মাথায় হাত কাপড় ব্যবসায়ীর
স্বপ্নের র্যাম্পে এবার খনি-শিল্পাঞ্চলের মেয়েরা, সুযোগ করে দিল গ্লাম-স্লাম ২০২৬
(বিশেষ বিশেষ খবরের ভিডিয়ো দেখতে Durgapur Darpan Youtube Channel সাবস্ক্রাইব করুন)


