WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ২৮ নভেম্বর: সবে সকাল হচ্ছে। রাতভর ডিউটি সেরে বাড়ি ফিরেছিলেন শম্ভুনাথ ঘোষ। কিন্তু বাড়ির দরজার সামনে পৌঁছে যে দৃশ্য তাঁর চোখে পড়ল, তার জন্য একেবারেই প্রস্তুত ছিলেন না তিনি। বাড়ির সামনেই পড়ে রয়েছে এক মহিলার নিথর দেহ। মুহূর্তের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। শনিবার সাতসকালে এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়ায় পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের কোকওভেন থানার সগরভাঙা গোপীনাথপুর গ্রামের তাঁতিপাড়ায়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, তাঁতিপাড়ার বাসিন্দা শম্ভুনাথ ঘোষ পেশায় নিরাপত্তারক্ষী। শুক্রবার রাতের ডিউটি শেষ করে শনিবার ভোরে বাড়ি ফিরছিলেন তিনি। সকাল আনুমানিক পৌনে ছ’টা থেকে সাড়ে ছ’টার মধ্যে বাড়ির সামনে পৌঁছে তাঁর নজরে আসে অজ্ঞাতপরিচয় ওই মহিলার দেহ। আচমকা এমন দৃশ্য দেখে কার্যত হতভম্ব হয়ে যান শম্ভুনাথ। পরিবারের সদস্যদের ডেকে বিষয়টি জানান তিনি।

এরপরই খবর ছড়িয়ে পড়ে এলাকায়। খবর দেওয়া হয় কোকওভেন থানায়। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায়। কিন্তু কে এই মহিলা? কোথা থেকে এলেন তিনি? কীভাবেই বা মৃত্যু হল তাঁর? আর সবচেয়ে বড় প্রশ্ন, কোনওভাবে মৃত্যু হওয়ার পর তাঁর দেহ কি ওই বাড়ির সামনে রেখে গিয়েছে কেউ? এই সব প্রশ্নের উত্তর খুঁজতে শুরু করে পুলিশ।

তদন্তে নেমে পুলিশ জানতে পারে, মৃত মহিলার নাম কবিতা সরকার। তাঁর বাড়ি রানিগঞ্জে। তাঁতিপাড়ার বাসিন্দা শুভাশিস বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয়েছিল। কবিতাকে দিন দুয়েক আগে নিজের বাড়িতে নিয়ে আসে সে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দু’জনের মধ্যে অশান্তি হয়। শুক্রবার বিকেলে শুভাশিস বাড়ি থেকে বেরিয়ে যায়। শনিবার সকালে কবিতার দেহ উদ্ধার হয়।

ইতিমধ্যেই শুভাশিস বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতার করেছে পুলিশ। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধ করে খুন করা হয়েছে কবিতাকে। বাড়ি থেকে সেই গামছাটি উদ্ধার করে বাজেয়াপ্ত করেছে পুলিশ। কীভাবে কবিতার দেহ সেখানে পৌঁছল, ঘটনার সঙ্গে আর কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।

আরও পড়ুন: ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে উধাও সাড়ে ৫ লক্ষ! মাথায় হাত কাপড় ব্যবসায়ীর

স্বপ্নের র‍্যাম্পে এবার খনি-শিল্পাঞ্চলের মেয়েরা, সুযোগ করে দিল গ্লাম-স্লাম ২০২৬

(বিশেষ বিশেষ খবরের ভিডিয়ো দেখতে Durgapur Darpan Youtube Channel সাবস্ক্রাইব করুন)