দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুরে পরিকাঠামো উন্নয়নে আবারও বেশ কিছু পদক্ষেপ নিল আসানসোল-দুর্গাপুর উন্নয়ন পর্ষদ (এডিডিএ)। বৃহস্পতিবার সংস্থার উদ্যোগে শহরের একাধিক গুরুত্বপূর্ণ সড়ক ও নাগরিক পরিষেবা প্রকল্পের শিলান্যাস করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী প্রদীপ মজুমদার, এডিডিএ চেয়ারম্যান কবি দত্ত সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্ব।
সবচেয়ে উল্লেখযোগ্য প্রকল্পগুলির মধ্যে রয়েছে ১৯ নম্বর জাতীয় সড়কের সংযোগস্থল থেকে বিধাননগরের ব্যাঙ্ক কলোনি মোড় পর্যন্ত ইউরি গ্যাগারিন পথের সম্প্রসারণ। প্রায় ১২ কোটি টাকা ব্যয়ে এই কাজ সম্পন্ন হবে বলে জানানো হয়েছে। এই রাস্তা সম্প্রসারণের ফলে যানজট কমবে এবং যোগাযোগ ব্যবস্থা আরও সুগম হবে বলে আশা প্রশাসনের। এছাড়া বিধাননগরের শহিদ সুকুমার সরণীর হাডকো মোড় থেকে ১৫০০ মোড় পর্যন্ত অংশের সম্প্রসারণ প্রকল্পেরও শিলান্যাস হয়। প্রায় ১৫ কোটি টাকা ব্যয়ে এই কাজ হবে। দীর্ঘদিন ধরে এলাকাবাসীর দাবি ছিল রাস্তা চওড়া ও সংস্কারের—এই প্রকল্প সেই দাবিপূরণের দিকেই বড় পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।
(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)
শুধু প্রধান সড়ক নয়, এমএএমসি এলাকার উন্নয়নেও জোর দেওয়া হয়েছে। শরৎ পল্লীর ৪ ও ৫ নম্বর স্ট্রিটে কংক্রিটের রাস্তা নির্মাণের কাজ শুরু হচ্ছে। পাশাপাশি এমএএমসি হাসপাতালের পাশের প্রধান সড়কে নতুন পথবাতি বসানো এবং স্থানীয় গুরুদ্বারে প্রবেশের জন্য পৃথক রাস্তা নির্মাণের শিলান্যাসও করা হয়। এদিনের একাধিক প্রকল্প মিলিয়ে মোট ব্যয় ২৭ কোটিরও বেশি। এডিডিএ-র দাবি, এই কাজগুলি সম্পন্ন হলে দুর্গাপুরের যোগাযোগ ব্যবস্থা ও নাগরিক পরিষেবা আরও উন্নত হবে। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)



