অজয় নদের উপর অস্থায়ী সেতুর দাবিতে উত্তাল বিদবিহার

WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুর দর্পণ, কাঁকসা: জয়দেব মেলাকে কেন্দ্র করে অজয় নদের উপর অস্থায়ী সেতু নির্মাণের দাবিতে উত্তাল হয়ে উঠল পশ্চিম বর্ধমানের কাঁকসার বিদবিহারের নবগ্রাম এলাকা। বুধবার স্থানীয় বাসিন্দারা ১৪ নং রাজ্য সড়কের জয়দেব সেতু অবরোধ করে বিক্ষোভে সামিল হন। বাঁশ বেঁধে রাস্তা বন্ধ করা হয় এবং টায়ার জ্বালিয়ে চলে প্রতিবাদ। বিক্ষোভের জেরে প্রায় ঘন্টাখানেক ধরে সম্পূর্ণ অবরুদ্ধ হয়ে পড়ে পশ্চিম বর্ধমান এবং বীরভূম, দুই জেলার সংযোগকারী গুরুত্বপূর্ণ এই রাজ্য সড়ক। ফলে দু’দিকেই যান চলাচল বন্ধ হয়ে পড়ে এবং সাধারণ মানুষকে চরম ভোগান্তির মুখে পড়তে হয়।

স্থানীয়দের অভিযোগ, জয়দেব মেলার সময় বিপুল সংখ্যক পুণ্যার্থী ও দর্শনার্থীর সমাগম হয়। স্থায়ী সেতুর পাশাপাশি অস্থায়ী সেতু না থাকায় যাতায়াতে সমস্যা দেখা দেবে কারণ অনেক ঘুর পথে যাতায়াত করতে হবে। তাছাড়া দুর্ঘটনার আশঙ্কাও বাড়বে। বহুবার প্রশাসনকে জানানো হলেও এখনও কোনও পদক্ষেপ করা হয়নি বলে দাবি বিক্ষোভকারীদের। অস্থায়ী সেতু নির্মাণের লিখিত আশ্বাস না পাওয়া পর্যন্ত অবরোধ প্রত্যাহার করা হবে না বলেও হুঁশিয়ারি দেন তাঁরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। পরে বিডিও অফিসের আধিকারিকরা এসে স্থানীয়দের সঙ্গে আলোচনা করলে আশ্বাসের ভিত্তিতে অবরোধ তুলে নেওয়া হয়।

error: Content is protected !!