দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুরের ফরিদপুরে জনসংযোগে গিয়ে অস্বস্তিকর পরিস্থিতির মুখে পড়তে হল দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষ্মণ ঘোড়ুই-কে। তবে রাজনৈতিক চাপানউতোরের বাইরেও এদিন সামনে এল দীর্ঘদিনের এক নাগরিক সমস্যার কথা—জাতীয় সড়কে নিরাপদ পারাপারের সমস্যার কথা। দলের মুখপাত্র সুমন্ত মণ্ডল ও স্থানীয় কর্মীদের নিয়ে ফরিদপুর এলাকায় বাড়ি বাড়ি ঘুরে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পের কথা জানাচ্ছিলেন বিধায়ক। সেই সময় কয়েকজন বাসিন্দা তাঁকে ঘিরে ধরেন। তাঁদের অভিযোগ, ফরিদপুরের কাছে ১৯ নম্বর জাতীয় সড়কে কোনও আন্ডারপাস নেই। ফলে রাস্তা পার হতে গেলে অনেকটা ঘুরপথে যেতে হয়। কেউ কেউ ঝুঁকি নিয়েই সড়ক পার হন—যা থেকে বড় দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয় প্রতিদিনই।
(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)
এলাকার বাসিন্দা স্বপন কুমার ঘোষ সরাসরি বলেন, “আগে আন্ডারপাস নির্মাণের বিষয়ে আমাদের সঙ্গে বসে আলোচনা করুন। তার পর অন্য কথা শুনব।” পরিস্থিতি সামাল দিয়ে বিধায়ক এলাকাবাসীকে আশ্বাস দেন যে তাঁদের দাবি গুরুত্ব সহকারে দেখা হবে। পরে তিনি বলেন, সারা বছরই তিনি মানুষের পাশে থাকেন এবং বিষয়টি খতিয়ে দেখবেন। অন্যদিকে রাজ্যের মন্ত্রী প্রদীপ মজুমদার কটাক্ষ করে বলেন, জাতীয় সড়ক কেন্দ্রের অধীনে। প্রতিশ্রুতি দিয়ে থাকলে তা বাস্তবায়নের দায়িত্বও নিতে হবে। নির্বাচন ঘনিয়ে আসায় মানুষের ক্ষোভ সামনে আসছে বলেও মন্তব্য করেন তিনি। রাজনৈতিক তরজার মাঝে ফরিদপুরের বাসিন্দাদের মূল বক্তব্য একটাই—দুর্ঘটনার ঝুঁকি কমাতে দ্রুত আন্ডারপাস নির্মাণ হোক। তাঁদের দাবি, উপ্রতিশ্রুতি নয়, এবার প্রয়োজন বাস্তব পদক্ষেপ। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)


