দুর্গাপুরের গর্ব: আন্তর্জাতিক কিকবক্সিংয়ে জোড়া রুপো জিতলেন অটোচালক ঈশ্বর মাঝি

WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: রাজধানী দিল্লিতে অনুষ্ঠিত ‘ওয়ার্ল্ড অ্যাসোসিয়েশন অফ কিকবক্সিং অর্গানাইজেশনস’ (ওয়াকো) আয়োজিত পঞ্চম ওয়াকো ইন্ডিয়া ওপেন ইন্টারন্যাশনাল কিকবক্সিং কাপে দুর্দান্ত সাফল্য পেলেন পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুর শহরের তরুণ ক্রীড়াবিদ ঈশ্বর মাঝি। সিনিয়র পুরুষ বিভাগে অংশ নিয়ে তিনি দুটি রৌপ্যপদক অর্জন করেছেন।

মুচিপাড়া সংলগ্ন আইটিআই গোঁসাইতলা এলাকার বাসিন্দা ঈশ্বরের জীবনযুদ্ধ মোটেই সহজ নয়। বাবার মৃত্যুর পর সংসারের হাল ধরতে অটো চালিয়েই কোনওরকমে মায়ের সঙ্গে দিন কাটে তাঁর। কঠিন বাস্তবতার মধ্যেও থেমে থাকেনি তাঁর খেলাধুলার স্বপ্ন। নিয়মিত কিকবক্সিং ও তায়কান্ডোর অনুশীলন চালিয়ে যাওয়ার পাশাপাশি তিনি অন্যদের প্রশিক্ষণও দেন। ঈশ্বর মাঝির এই জয় আবারও প্রমাণ করল—দৃঢ় ইচ্ছাশক্তি আর অধ্যবসায় থাকলে দারিদ্র্য কখনও স্বপ্নের পথে বাধা হতে পারে না।

(The Mission Hospital. দেশের সেরা চতুর্থ হাসপাতাল এখন দুর্গাপুরে। যোগাযোগ- 8687500500)

ঈশ্বর জানান, আর্থিক সমস্যার কারণে এই আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নেওয়া প্রায় অসম্ভব হয়ে উঠেছিল। শেষ পর্যন্ত তাঁর শিক্ষার্থীদের অভিভাবকেরা পাশে দাঁড়ানোয় তিনি প্রতিযোগিতায় যোগ দিতে পেরেছেন। এই প্রতিযোগিতায় মোট ১৭টি দেশের প্রায় এক হাজার প্রতিযোগী অংশ নেন। এমন কঠিন মঞ্চে ঈশ্বরের এই সাফল্য নিঃসন্দেহে প্রশংসনীয়। ছেলের কৃতিত্বে আবেগাপ্লুত মা জলেশ্বরী মাঝি বলেন, “অভাব-অনটনের মধ্যেও আমার ছেলে হাল ছাড়েনি। পদক জিতে সে শুধু দুর্গাপুর নয়, গোটা রাজ্য ও দেশকে গর্বিত করেছে।” (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)

error: Content is protected !!