শহীদ দিবস ও জাতীয় ভোটার দিবস উপলক্ষে দুর্গাপুরে সচেতনতা শিবির ও শপথ পাঠ

WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: মহাত্মা গান্ধীর প্রয়াণ দিবস স্মরণে শহীদ দিবস এবং জাতীয় ভোটার দিবস উদযাপন সপ্তাহের সমাপ্তি উপলক্ষে পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলা জুড়ে অনুষ্ঠিত হল সচেতনতামূলক কর্মসূচি। ভারত সরকারের যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের অধীন মেরা যুবা ভারত – দুর্গাপুর-এর উদ্যোগে আয়োজিত এই ‘ইনটেনসিভ ক্যাম্পেইন উইক’-এর সমাপ্তি হয় ৩০ জানুয়ারি।

২৫ জানুয়ারি থেকে শুরু হওয়া এই সপ্তাহব্যাপী কর্মসূচির অন্তিম দিনে দুটি গুরুত্বপূর্ণ সচেতনতা শিবির ও সমাবেশের আয়োজন করা হয়। দুপুর ১টায় ঝাঁঝড়া শহীদ ক্ষুদিরাম ক্রীড়াঙ্গনে অবস্থিত জেলা স্পোর্টস প্রাঙ্গণে এবং বিকাল সাড়ে ৩টায় সগড়ভাঙ্গা হাই স্কুলে উচ্চ শ্রেণির ছাত্রীদের নিয়ে অনুষ্ঠিত হয় এই কর্মসূচি। শিবিরে ভোটার তালিকাভুক্তির গুরুত্ব, ভোটাধিকার প্রয়োগের প্রয়োজনীয়তা এবং গণতান্ত্রিক ব্যবস্থায় নাগরিকদের সক্রিয় ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি পরিচালিত হয় স্বাক্ষর সংগ্রহ অভিযান। অংশগ্রহণকারীরা একসঙ্গে শপথ গ্রহণ করেন—“ধর্ম, বর্ণ, জাতি, সম্প্রদায়, ভাষা কিংবা কোনো প্রকার প্রলোভনের প্রভাব ছাড়াই নির্ভীকভাবে সকল নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করব।”

(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সগড়ভাঙ্গা হাই স্কুলের প্রধান শিক্ষক রাজীব চ্যাটার্জি, সমাজসেবী সুজন চক্রবর্তী, প্রবীর ঘোষ, শুভ্র মুখোপাধ্যায়, মৃত্যুঞ্জয় সামন্ত, নির্মল পান এবং দুর্গাপুর সাব ডিভিশনাল স্পোর্টস অ্যান্ড কালচারাল ক্লাবস কো-অর্ডিনেশন সোসাইটির সাধারণ সম্পাদক কবি ঘোষ সহ অন্যান্যরা। দুটি কর্মসূচির সূচনাতেই মহাত্মা গান্ধীর প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করা হয়। মেরা যুবা ভারত – দুর্গাপুর-এর ভারপ্রাপ্ত আধিকারিক অন্বেষা ভট্টাচার্য বলেন,  “নতুন প্রজন্মকে গণতান্ত্রিক প্রক্রিয়ার সঙ্গে যুক্ত করাই এই কর্মসূচির মূল উদ্দেশ্য।” তিনি বিশেষ করে নতুন ভোটারদের দায়িত্বশীল নাগরিক হিসেবে এগিয়ে আসার আহ্বান জানান। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)

error: Content is protected !!