দুর্গাপুরে কিশোর-কিশোরীদের প্রজনন স্বাস্থ্য নিয়ে বিশেষ সচেতনতা কর্মশালা

WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুরের নেপালি পাড়া হিন্দি হাই স্কুলে বৃহস্পতিবার কিশোর-কিশোরীদের প্রজনন ও যৌনস্বাস্থ্য সম্পর্কে সচেতনতা বাড়াতে এক বিশেষ কর্মশালার আয়োজন করা হয়। NSPCL-এর কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (CSR) প্রকল্পের আওতায় এবং দুর্গাপুর সুন্দরম ক্রিয়েটিভ ওয়েলফেয়ার সোসাইটির সহযোগিতায় অনুষ্ঠিত এই কর্মশালার নাম ছিল ‘Bedharak Bolo’।

বিদ্যালয়ের অষ্টম শ্রেণির প্রায় ৬০০ জন পড়ুয়া—এর মধ্যে ৪০০ জন ছাত্রী ও ২০০ জন ছাত্র—এই কর্মশালায় অংশগ্রহণ করে। কিশোর-কিশোরীদের শারীরিক ও মানসিক পরিবর্তন, ব্যক্তিগত পরিচ্ছন্নতা, প্রজনন স্বাস্থ্য সংক্রান্ত ভুল ধারণা দূর করা এবং নিজের সমস্যা নিয়ে খোলামেলা কথা বলার মানসিকতা গড়ে তোলাই ছিল এই উদ্যোগের মূল লক্ষ্য।

এই খবরের ভিডিয়ো দেখতে এই লিঙ্কে ক্লিক করুন- https://www.facebook.com/share/v/1D4S1exfuv/

কর্মশালায় মুখ্য ভূমিকা পালন করেন দুর্গাপুর সুন্দরম ক্রিয়েটিভ ওয়েলফেয়ার সোসাইটির ডা. সুব্রত বসু। সহজ ও প্রাঞ্জল ভাষায় তিনি কিশোর-কিশোরীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং বাস্তব উদাহরণের মাধ্যমে বিষয়গুলো ব্যাখ্যা করেন। প্রশ্নোত্তর পর্বে শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ কর্মশালাটিকে আরও প্রাণবন্ত করে তোলে। অনুষ্ঠান শেষে সকল শিক্ষার্থীর হাতে স্বাস্থ্য কিট তুলে দেওয়া হয়, যা এই সচেতনতামূলক উদ্যোগকে আরও অর্থবহ করে তোলে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুন্দরম ক্রিয়েটিভ ওয়েলফেয়ার সোসাইটির প্রতিষ্ঠাতা মানস সরখেল, স্কুলের প্রধান শিক্ষক ডঃ কলিমুল হক সহ অন্যান্যরা। প্রধান শিক্ষক বলেন, “বর্তমান সময়ে কিশোর-কিশোরীদের প্রজনন ও মানসিক স্বাস্থ্য নিয়ে সচেতন করা অত্যন্ত জরুরি। ‘Bedharak Bolo’-র মতো উদ্যোগ ছাত্রছাত্রীদের আত্মবিশ্বাস বাড়ায় এবং তারা নিজেদের সমস্যার কথা নির্ভয়ে বলতে শেখে। NSPCL ও সুন্দরম ক্রিয়েটিভ ওয়েলফেয়ার সোসাইটিকে ধন্যবাদ এমন একটি গুরুত্বপূর্ণ কর্মশালা আয়োজনের জন্য।” 

এই কর্মশালাকে কিশোর-কিশোরীদের সুস্থ, সচেতন ও আত্মনির্ভর ভবিষ্যৎ গঠনের পথে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল। বুধবার এই কর্মশালার আয়োজন করা হয়েছিল জেমুয়া ভাদুবালা বিদ্যাপীঠে। শুক্রবার ভিড়িঙ্গি গার্লস হাইস্কুলে এই কর্মশালার আয়োজন করা হবে বলে জানিয়েছেন দুর্গাপুর সুন্দরম ক্রিয়েটিভ ওয়েলফেয়ার সোসাইটির প্রতিষ্ঠাতা মানস সরখেল। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)

error: Content is protected !!