দুলাল মিত্রের নামে পুরস্কার চালু, প্রতিষ্ঠাতা সভাপতি-কে সম্মানে অনন্য উদ্যোগ

WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: শিক্ষা শুধু পাঠ্যসূচির গণ্ডিতে আটকে থাকে না—তা হয়ে ওঠে মূল্যবোধ, দায়বদ্ধতা আর স্বপ্নের পথচলা। সেই বিশ্বাসকেই আবারও স্মরণ করল পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুরের ডা: বি. সি. রায় ইঞ্জিনিয়ারিং কলেজ সোসাইটি। ১২ ফেব্রুয়ারি প্রতিষ্ঠাতা সভাপতি দুলাল মিত্রের অষ্টম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত হল স্মরণসভা, যেখানে তাঁর দূরদর্শী নেতৃত্বকে কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করা হয়। সকালে সোসাইটির অধীনে থাকা চারটি কলেজের অধ্যাপক ও কর্মীরা ফুলঝোড় ও বিধাননগর—দুই ক্যাম্পাসেই পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানান। একজন মানুষের স্বপ্ন কীভাবে প্রজন্মের পর প্রজন্মকে পথ দেখাতে পারে, সেকথা স্মরণ করেন তাঁরা।

বিকেলে ফুলঝোড় ক্যাম্পাসের দুলাল মিত্র অডিটোরিয়ামে আয়োজিত মূল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোসাইটির সভাপতি ডা: সত্যজিৎ বোস, সহ-সভাপতি মিতা মিত্র, সাধারণ সম্পাদক তরুণ ভট্টাচার্য, কোষাধ্যক্ষ জার্নেল সিং, প্রধান উপদেষ্টা ডঃ সৈকত মৈত্র সহ চারটি কলেজের অধ্যক্ষরা। প্রতিষ্ঠাতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের পর বক্তৃতায় উঠে আসে তাঁর আদর্শ, নিষ্ঠা এবং শিক্ষার উৎকর্ষ সাধনের অদম্য প্রয়াসের কথা। সভাপতি ডা: সত্যজিৎ বোস তাঁর বক্তব্যে দুলাল মিত্রের শিক্ষাবিষয়ক দূরদর্শিতার কথা তুলে ধরেন। সহ-সভাপতি মিতা মিত্র স্মৃতিচারণায় আবেগঘন ভাষণে প্রতিষ্ঠাতার মানবিকতা ও প্রতিষ্ঠান গঠনের লড়াইয়ের কথা স্মরণ করেন। স্মারক বক্তৃতায় সাধারণ সম্পাদক তরুণ ভট্টাচার্য জানান, বিসিআরইসি-কে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের যে স্বপ্ন দুলাল মিত্র দেখেছিলেন, তা বাস্তবায়নের প্রক্রিয়া এগিয়ে চলেছে। 

(BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472)

প্রয়াত প্রতিষ্ঠাতা সভাপতিকে সম্মান জানাতে এ বছর থেকেই তাঁর নামে পুরস্কার প্রদান শুরু হল। শিক্ষা ও প্রাতিষ্ঠানিক উন্নয়নে উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতি হিসেবে মোট ১৩ জন অধ্যাপক ও কর্মীকে সম্মানিত করা হয়। দুলাল মিত্র সেরা শিক্ষক পুরস্কার ২০২৫, দুলাল মিত্র সেরা একাডেমিক সহায়তা পুরস্কার ২০২৫ এবং দুলাল মিত্র সেরা প্লেসমেন্ট সহায়তা পুরস্কার ২০২৫ প্রদান করেন কলেজ সোসাইটির কোষাধ্যক্ষ জার্নেল সিং, প্রধান উপদেষ্টা অধ্যাপক ডঃ সৈকত মৈত্র, সোসাইটির সহকারী সম্পাদক রীতা সিং এবং অঙ্কিতা মিত্র, সোসাইটির সদস্য অভিষেক মিখার্জি এবং জয়িত্রী শিকদার সহ অন্যান্যরা। এই উদ্যোগ প্রতিষ্ঠাতা সভাপতির কর্মমুখী ও গুণগত শিক্ষার মানোন্নয়নের দর্শনকেই আরও দৃঢ়ভাবে প্রতিষ্ঠা করল। অনুষ্ঠানের সমাপ্তি ঘটে প্রখ্যাত ধ্রুপদী সঙ্গীতশিল্পী শ্রীকুমার চট্টোপাধ্যায়-এর মনোমুগ্ধকর সঙ্গীত পরিবেশনায়, যা স্মরণসভায় এক অনন্য আবহ যোগ করে। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)

error: Content is protected !!