দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: আসন্ন নির্বাচনী ইস্তেহারকে আরও জনমুখী করে তুলতে পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুরের বেনাচিতি এলাকায় অভিনব উদ্যোগ নিল বিজেপি। রবিবার ৫৪ ফুট রোডে দলের বিধায়ক লক্ষ্মণ ঘোড়ুইয়ের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে একটি বিশেষ ‘ড্রপ বক্স’ চালু করা হয়েছে, যেখানে সাধারণ মানুষ সরাসরি নিজেদের মতামত, সমস্যা ও পরামর্শ জমা দিতে পারবেন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির সাধারণ সম্পাদক অভিজিৎ দত্ত, দলের মুখপাত্র সুমন্ত মন্ডল-সহ স্থানীয় নেতৃত্ব। তাঁরা জানান, এই ড্রপ বক্সের মাধ্যমে দল সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন করতে চায় এবং তাঁদের প্রকৃত সমস্যাগুলি জানতে চায়।
দলীয় নেতৃত্বের বক্তব্য, আগামী ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত এই ড্রপ বক্সটি খোলা থাকবে। এলাকার বাসিন্দারা বিজেপির কাছে তাঁদের প্রত্যাশা, দৈনন্দিন সমস্যা, উন্নয়ন সংক্রান্ত পরামর্শ বা যেকোনও দাবি লিখিত আকারে এই বক্সে জমা দিতে পারবেন। পরবর্তীতে সেই সমস্ত মতামত খতিয়ে দেখে দলের নির্বাচনী ইস্তেহার তৈরির সময় গুরুত্ব দেওয়া হবে। বিধায়ক লক্ষ্মণ ঘোড়ুই জানান, “রাজনীতির মূল উদ্দেশ্য মানুষের জন্য কাজ করা। তাই মানুষের প্রকৃত চাহিদা কী—তা সরাসরি তাঁদের মুখ থেকেই জানতে চাই। এই উদ্যোগ সেই লক্ষ্যেই নেওয়া হয়েছে।”
(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)
দলীয় মুখপাত্র সুমন্ত মন্ডল বলেন, “জনগণের পরামর্শ ছাড়া কোনও ইস্তেহার সম্পূর্ণ হয় না। তাই সাধারণ মানুষের ভাবনা-চিন্তাকে গুরুত্ব দিতেই এই পদক্ষেপ।” এলাকার বাসিন্দারাও এই উদ্যোগকে ইতিবাচক বলে মনে করছেন। তাঁদের মতে, সরাসরি মত প্রকাশের সুযোগ পাওয়ায় স্থানীয় সমস্যা তুলে ধরার নতুন একটি পথ খুলে গেল। রাজ্য জুড়ে এমন ১০০০ বক্স রাখা হচ্ছে বলে জানিয়েছেন বিজেপি নেতৃত্ব। রাজনৈতিক মহলের ধারণা, নির্বাচনের আগে জনসংযোগ বৃদ্ধির ক্ষেত্রে এই ধরনের উদ্যোগ বিজেপির জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। মানুষ কী চাইছেন—তা জানার মাধ্যমেই ভবিষ্যৎ কর্মপন্থা ঠিক করতে চাইছে দল, এমনটাই স্পষ্ট এই পদক্ষেপে। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)



