দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: মঙ্গলবার পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) বিদ্যাসাগর অ্যাভিনিউয়ে বিজেপির দলীয় কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক বৈঠক থেকে রাজ্য সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন বিজেপির রাজ্য ইস্তেহার কমিটির চেয়ারম্যান তাপস রায়। তাঁর অভিযোগ, তৃণমূল কংগ্রেস ইচ্ছাকৃতভাবে ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়ায় বাধা সৃষ্টি করছে এবং ভুয়ো ভোটারদের সুরক্ষা দিতে বিএলওদের ভয় দেখানো হচ্ছে।
এদিন বিজেপি কার্যালয়ে দলের পক্ষ থেকে ইস্তেহার সংক্রান্ত জনমত সংগ্রহের জন্য একটি সাজেশন বক্স আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে তাপস রায়ের পাশাপাশি উপস্থিত ছিলেন বিজেপির বর্ধমান-দুর্গাপুর সাংগঠনিক জেলা সভাপতি অভিজিৎ তা, বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খান এবং দুর্গাপুর পশ্চিমের বিধায়ক লক্ষ্মণ চন্দ্র ঘোড়ুই। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অতীত ভূমিকার প্রসঙ্গ তুলে তাপস রায় বলেন, “২০০৫ সালে সংসদে অনুপ্রবেশ ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায় সরব হয়েছিলেন। অথচ আজ তাঁর সরকার সম্পূর্ণ বিপরীত অবস্থান নিয়েছে এবং তোষণের রাজনীতি করছে।” তাঁর অভিযোগ, তৃণমূল ও বাম—উভয় পক্ষই রাজ্যে নির্ভুল ভোটার তালিকা তৈরি করতে চায় না।
(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)
আসন্ন বিধানসভা নির্বাচন প্রসঙ্গে তিনি জানান, বিজেপি নির্বাচন কমিশনের কাছে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবি জানিয়েছে, যাতে অবাধ ভোটগ্রহণ সম্ভব হয়। অতীতে তৃণমূলের দুষ্কৃতীদের দাপটে সাধারণ মানুষ ভোট দিতে পারেননি বলেও অভিযোগ করেন তিনি। তবে এবার কমিশন, মাইক্রো অবজার্ভার এবং কেন্দ্রীয় বাহিনীর সহযোগিতায় শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করা হবে বলে আশাবাদী বিজেপি। বিজেপির তোলা সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন তৃণমূল নেতৃত্ব।
জনসাধারণের মতামত সংগ্রহের জন্য বিজেপি একটি ডিজিটাল প্ল্যাটফর্মও চালু করেছে। নাগরিকরা ইমেল বা ওয়েবসাইটের মাধ্যমে নিজেদের মতামত ও পরামর্শ জমা দিতে পারবেন। তাপস রায় বলেন, “বাংলায় চাকরি কোনও দয়া নয়—এটা যুব সমাজের অধিকার। বিজেপি দুর্নীতিমুক্ত ও স্বচ্ছ প্রশাসন গঠনে প্রতিশ্রুতিবদ্ধ।” আগামী কয়েকদিন ধরে বিভিন্ন মাধ্যমে জনগণের মতামত সংগ্রহ করে তা সংকলিত করা হবে এবং পরবর্তীতে একটি বিস্তারিত ইস্তেহার রাজ্যবাসীর সামনে তুলে ধরা হবে বলে জানান বিজেপি নেতৃত্ব। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)



