'খুনিদের শাস্তি হবেই'— নিহত কর্মীর বাড়িতে গিয়ে আশ্বাস বিজেপি বিধায়কের

Advertisement

দুর্গাপুর দর্পণ, কাঁকসা: দীর্ঘ আট বছর পেরিয়ে গেলেও ছেলের খুনের বিচার মেলেনি— এমনই আক্ষেপ নিয়ে দিন কাটছে কাঁকসার রূপগঞ্জ গ্রামের ঘোষ পরিবারের। অবশেষে রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর ফের নতুন করে আশার আলো দেখছেন নিহত বিজেপি নেতা সন্দীপ ঘোষের পরিবার। বুধবার তাঁদের বাড়িতে গিয়ে পাশে থাকার আশ্বাস দিলেন দুর্গাপুর পূর্বের বিজেপি বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়।

২০১৮ সালের ৯ ডিসেম্বর রাতে দলের বৈঠক সেরে মোটরবাইকে বাড়ি ফিরছিলেন বছর তেইশের বিজেপি কর্মী সন্দীপ ঘোষ। অভিযোগ, কাঁকসার সরস্বতীগঞ্জ এলাকার কাছে জঙ্গলের মধ্যে তাঁকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। সেই সময় গোটা এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খুনের ঘটনায় কাঁকসার মলানদিঘি ও বিদবিহার পঞ্চায়েত এলাকার একাধিক তৃণমূল নেতা-কর্মীর বিরুদ্ধে অভিযোগ ওঠে। পুলিশ কয়েক জনকে গ্রেফতারও করেছিল। কিন্তু পরিবারের অভিযোগ, তদন্ত পরে কার্যত থমকে যায় এবং এখনও আদালতে বিচার প্রক্রিয়া শুরু হয়নি। এরই মধ্যে অভিযুক্তেরা জামিনে মুক্ত হয়ে যায়।

Advertisement

বুধবার রূপগঞ্জে গিয়ে প্রথমে সন্দীপ ঘোষের মূর্তিতে মাল্যদান করেন বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়। পরে তিনি নিহতের বাবা বিজয় ঘোষ ও স্ত্রী প্রতিমা ঘোষের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেন। পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়ে তিনি জানান, নতুন করে মামলার তদন্ত শুরু করার জন্য উদ্যোগ নেওয়া হবে। বিধায়কের কথায়, “বিজেপির প্রতিটি নিহত কর্মীর পরিবারের পাশে আমাদের সরকার থাকবে। সন্দীপ ঘোষের পরিবারকেও সেই আশ্বাস দেওয়া হয়েছে। এই ঘটনায় যারা জড়িত, কাউকেই ছাড়া হবে না।”

তিনি আরও জানান, নিহতের পরিবারের এক সদস্যের চাকরির ব্যবস্থার বিষয়টিও দেখা হবে। বিজেপির দাবি, অতীতে রাজনৈতিক প্রভাবের কারণে এই মামলার সঠিক তদন্ত হয়নি। এখন নতুন করে তদন্ত শুরু হলে প্রকৃত দোষীদের শাস্তি মিলবে বলেই আশা পরিবারের। নিহতের বাবা বিজয় ঘোষ বলেন, “ছেলের মৃত্যুর পরে অনেকেই পাশে থাকার কথা বলেছিলেন। কিন্তু এত বছরেও বিচার পাইনি। এখন নতুন করে তদন্ত শুরু হলে হয়তো সত্য সামনে আসবে।”

(বিশেষ বিশেষ খবরের ভিডিয়ো দেখতে Durgapur Darpan Youtube Channel সাবস্ক্রাইব করুন)

Advertisement

Related Posts