দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুরে ভুয়ো ভোটারের বিরুদ্ধে আপত্তি জানিয়ে এসআইআর-এর ৭ নম্বর ফর্ম জমা দেওয়ার দাবিতে মঙ্গলবার মহকুমাশাসকের দফতরের সামনে বিক্ষোভে শামিল হল বিজেপি। দলের অভিযোগ, সোমবার থেকে একাধিকবার চেষ্টা করেও তারা প্রশাসনের কাছে ওই ফর্ম জমা দিতে পারছে না। বিজেপির দাবি, দুর্গাপুর পূর্ব ও পশ্চিম বিধানসভার বিভিন্ন বুথে খোঁজ নিয়ে তারা দেখেছে, গড়ে ৩০ থেকে ৪০ জন করে ভুয়ো ভোটার রয়েছে। সেই সব নাম উল্লেখ করেই ফর্ম পূরণ করা হয়েছে। শুধু বিজেপি নেতারাই নন, বহু সাধারণ মানুষও নিজের এলাকার অবৈধ ভোটারের নাম বাদ দেওয়ার দাবিতে ফর্ম পূরণ করে বিক্ষোভে অংশ নেন, দাবি বিজেপি নেতৃত্বের।
(BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472)
বর্ধমান-দুর্গাপুর জেলা বিজেপির সহ সভাপতি চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় বলেন, “স্থানীয় বিএলও-দের কাছে গেলে নানা অজুহাতে ফর্ম নেওয়া হচ্ছে না। মহকুমাশাসকের দফতরেও জমা নিতে অস্বীকার করা হচ্ছে। ভুয়ো ভোটারের উপর ভর করেই তৃণমূল ক্ষমতায় রয়েছে। প্রশাসন বরাবরের মতো তাদের সহযোগিতা করছে।” জেলা সাধারণ সম্পাদক অভিজিৎ দত্ত জানান, প্রায় ৩০০ ভুয়ো ভোটারের নাম উল্লেখ করে ফর্ম জমা দেওয়ার চেষ্টা করা হয়েছে। কিন্তু প্রশাসন জমা নিচ্ছে না। বিজেপির অভিযোগ উড়িয়ে দিয়েছেন তৃণমূল নেতৃত্ব। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)


