প্রচারে গিয়ে বিপাকে বিজেপি কর্মীরা, অশান্তি ডিএসপি টাউনশিপে

WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: নির্বাচনী প্রচারকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তাপ ছড়াল পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুরের ডিএসপি টাউনশিপের বি-জোনে। বিজেপির অভিযোগ, তাঁদের গৃহ সম্পর্ক অভিযান কর্মসূচিতে বাধা দিয়ে মারধর ও হেনস্তা করেছে তৃণমূল কর্মীরা। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করে তৃণমূলের দাবি, বিজেপির প্রচারে এক মদ্যপ যুবকের উপস্থিতি ঘিরেই পরিস্থিতি উত্তপ্ত হয়। হামলার অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন।

বিজেপি সূত্রে জানা গিয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর চিঠি পৌঁছে দিতে ‘গৃহ সম্পর্ক অভিযানে’ সোমবার রাতে ৩ নম্বর ওয়ার্ডে যান দলীয় কর্মী-সমর্থকেরা। অভিযোগ, তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর ধৃতি বন্দ্যোপাধ্যায় জালান ও তাঁর স্বামী তৃণমূল নেতা সৌগত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে কয়েকজন উইলিয়ম কেরি এলাকায় তাঁদের উপর চড়াও হন। বিজেপির দাবি, পুরুষ কর্মীদের মারধর করা হয় এবং মহিলা কর্মীদের গায়েও হাত তোলা হয়। এমনকি হুমকি দিয়ে এলাকা ছাড়তে বাধ্য করা হয়েছে বলেও অভিযোগ। এ ঘটনায় এক মহিলা কর্মী দুর্গাপুর থানার বি-জোন ফাঁড়িতে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

(BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472)

অন্যদিকে, তৃণমূলের বক্তব্য সম্পূর্ণ ভিন্ন। তাঁদের দাবি, বিজেপির প্রচারে থাকা এক যুবক মদ্যপ অবস্থায় ছিলেন। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে তাঁকে আটকালে তিনি নিজেই মদ্যপ থাকার কথা স্বীকার করেন। সেই সময় দুই পক্ষের মধ্যে বচসা বাধে। তবে কাউকে মারধর বা মহিলা কর্মীদের হেনস্তার অভিযোগ ‘মনগড়া’ বলেই দাবি তৃণমূলের।

ঘটনার পর বিজেপি বিধায়ক লক্ষ্মণ ঘোড়ুই ও বর্ধমান-দুর্গাপুর সাংগঠনিক জেলার সহ-সভাপতি চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় দলীয় কর্মীদের নিয়ে বি-জোন ফাঁড়িতে যান এবং বিক্ষোভ দেখান। বিজেপির দাবি, তৃণমূল ভীত হয়েই এ ধরনের হামলার পথে হাঁটছে। পাল্টা তৃণমূল নেতা সৌগত বন্দ্যোপাধ্যায় বলেন, বিজেপি ইস্যু তৈরি করে রাজনৈতিক ফায়দা তুলতে চাইছে। প্রাক্তন কাউন্সিলর ধৃতি বন্দ্যোপাধ্যায় জালানও জানান, বহিরাগত কয়েকজন বিজেপির হয়ে প্রচারে এসেছিলেন এবং তাঁদের মধ্যে একজন মদ্যপ ছিলেন। পরিস্থিতি সামাল দিতেই সেখানে যাওয়া হয়েছিল। তাঁরা কাউকে মারধর করেননি। উল্টে বিজেপি কর্মীদের বিরুদ্ধেই অশান্তি ছড়ানোর অভিযোগ তোলেন তিনি। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)

error: Content is protected !!