মায়াবাজারে বেহাল রাস্তা সারাতে বেলচা হাতে বিজেপি কর্মীরা, স্বস্তিতে ব্যবসায়ী ও বাসিন্দারা

Advertisement

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: দীর্ঘদিনের দুর্ভোগে হাঁফিয়ে উঠেছিলেন পশ্চিম বর্ধমান জেলার (Paschim Bardhaman) দুর্গাপুরের মায়াবাজার নিউমার্কেট এলাকার মানুষ। ৩৬ ও ৩৭ নম্বর ওয়ার্ডের সংযোগকারী রাস্তাটি এতটাই খারাপ অবস্থায় ছিল যে সামান্য বৃষ্টিতেই জল জমে যাতায়াত প্রায় অসম্ভব হয়ে উঠত। সবচেয়ে বেশি সমস্যায় পড়তেন স্থানীয় ব্যবসায়ীরা। তাঁদের অভিযোগ, রাস্তার বেহাল অবস্থার কারণে অনেক বিক্রেতাই দোকানে আসতে চাইতেন না, ফলে ব্যবসাতেও বড় প্রভাব পড়ছিল।

বিধানসভা নির্বাচনের প্রচারের সময় এই সমস্যার কথা দুর্গাপুর পশ্চিমের বিধায়ক লক্ষ্মণ ঘোড়ুইয়ের কাছে তুলে ধরেছিলেন এলাকার বাসিন্দা ও ব্যবসায়ীরা। তখন তিনি দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছিলেন। অবশেষে রবিবার সেই প্রতিশ্রুতিরই আংশিক বাস্তবায়ন দেখা গেল। বিজেপির মুখপাত্র সুমন্ত মণ্ডলের নেতৃত্বে দলের কর্মীরা নিজেরাই ট্রাক্টরে করে সামগ্রী এনে রাস্তার গর্ত ভরাট করেন। শুধু তাই নয়, বেলচা হাতে নিয়ে নিজেরাই রাস্তা সমান করার কাজেও নেমে পড়েন তাঁরা।

Advertisement

রাজনৈতিক কর্মীদের এই উদ্যোগে কিছুটা স্বস্তির মুখ দেখেছেন এলাকার মানুষ। স্থানীয়দের আশা, আপাতত সাময়িক সমাধান হলেও খুব দ্রুত সরকারি উদ্যোগে রাস্তার স্থায়ী সংস্কারের কাজ শুরু হবে। সুমন্ত মণ্ডল বলেন, “এখন সাময়িকভাবে মানুষের সমস্যা কমানোর চেষ্টা করা হয়েছে। পরবর্তীতে স্থায়ী সমাধানের জন্য সরকারি স্তরে উদ্যোগ নেওয়া হবে।”

(বিশেষ বিশেষ খবরের ভিডিয়ো দেখতে Durgapur Darpan Youtube Channel সাবস্ক্রাইব করুন)

Advertisement

Related Posts