

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: পেট্রল, ডিজেল ও সিএনজি গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে রবিবার দুর্গাপুরে পথে নামল জেলা কংগ্রেস। জেলা কংগ্রেসের উদ্যোগে আয়োজিত প্রতিবাদ মিছিলে নেতৃত্ব দেন জেলা সভাপতি দেবেশ চক্রবর্তী।
এদিন দুর্গাপুরের জেলা কংগ্রেস কার্যালয় থেকে মিছিল শুরু হয়। শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা ঘুরে স্টিল মার্কেট, প্রান্তিকা হয়ে মিছিল পৌঁছয় পাঁচমাথা মোড় সংলগ্ন একটি পেট্রল পাম্পের সামনে। সেখানে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে স্লোগান তুলে বিক্ষোভ দেখান কংগ্রেস কর্মী-সমর্থকেরা।
প্রতিবাদ কর্মসূচির অন্যতম আকর্ষণ ছিল জেলা সভাপতি দেবেশ চক্রবর্তীর রিক্সা চালানো। সাধারণ মানুষের দুর্ভোগ ও মূল্যবৃদ্ধির চাপের প্রতীক হিসেবেই তিনি রিক্সা চালিয়ে প্রতিবাদ জানান বলে দলীয় সূত্রে দাবি।
.jpeg)
তিনি আরও অভিযোগ করেন, লাগাতার জ্বালানির মূল্যবৃদ্ধির ফলে পরিবহণ খরচ বাড়ছে, যার সরাসরি প্রভাব বাজারদরে পড়ছে। কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে আগামী দিনেও আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেয় জেলা কংগ্রেস। যদিও, বিজেপির মুখপাত্র সুমন্ত মণ্ডল বলেন, "সারা বিশ্বেই জ্বালানি তেল নিয়ে সমস্যা চলছে। তবু কেন্দ্রীয় সরকার যথা সম্ভব পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখেছে। কংগ্রেস অযথা মানুষকে বিভ্রান্ত করছে।"
(বিশেষ বিশেষ খবরের ভিডিয়ো দেখতে Durgapur Darpan Youtube Channel সাবস্ক্রাইব করুন)
