বালির ট্রাকের দৌরাত্ম্যে বেহাল রাস্তা, কাঁকসার রনডিহা মোড় অবরোধে উত্তাল

WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: প্রতিদিন কয়েকশো বালিবোঝাই গাড়ির অবাধ যাতায়াতে কার্যত বিপর্যস্ত হয়ে উঠেছে পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) কাঁকসা এলাকার রনডিহা মোড় সংলগ্ন রাস্তা। একদিকে অতিরিক্ত ভারী ট্রাকের চাপে রাস্তার অবস্থা ক্রমশ বেহাল হয়ে পড়ছে, অন্যদিকে বাড়ছে দুর্ঘটনার আশঙ্কা। দীর্ঘদিন ধরে সমস্যার কোনও স্থায়ী সমাধান না হওয়ায় সোমবার প্রতিবাদে রাস্তায় নামেন স্থানীয় বাসিন্দারা।

সোমবার সকালে রনডিহা মোড়ে রাস্তা অবরোধ করেন ক্ষুব্ধ মানুষজন। অবরোধ তুলতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। পুলিশকে ঘিরে ধরে ক্ষোভ উগরে দেন বাসিন্দারা। তাঁদের অভিযোগ, বারবার প্রশাসনের কাছে সমস্যার কথা জানানো হলেও কোনও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। দীর্ঘদিন ধরেই রাস্তা সংস্কারের কাজ বন্ধ রয়েছে।

(The Mission Hospital. দেশের সেরা চতুর্থ হাসপাতাল এখন দুর্গাপুরে। যোগাযোগ- 8687500500)

স্থানীয়দের দাবি, বালির বড় বড় ট্রাকের চাপেই প্রতিনিয়ত যানজট তৈরি হচ্ছে। সাধারণ মানুষ, টোটো ও বাইক আরোহীদের পক্ষে রাস্তা দিয়ে যাতায়াত করা প্রায় অসম্ভব হয়ে উঠেছে। ধুলোয় ঢেকে থাকছে গোটা এলাকা, যার জেরে স্বাস্থ্যের ঝুঁকিও বাড়ছে। বাসিন্দারা আরও অভিযোগ করেন, রবিবার একটি টোটো উল্টে গিয়ে এক ব্যক্তির মাথা ফেটে গুরুতর জখম হন।

ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক তরজাও শুরু হয়েছে। বিজেপির জেলা মুখপাত্র সুমন্ত মণ্ডল অভিযোগ করেন, “তৃণমূল, বালি মাফিয়া ও পুলিশ প্রশাসন একসঙ্গে মিলে সিন্ডিকেট গড়ে তুলেছে। সাধারণ মানুষের দুর্ভোগ নিয়ে কারও মাথাব্যথা নেই। এবারের বিধানসভা নির্বাচনে মানুষ এর উপযুক্ত জবাব দেবে।” অন্যদিকে তৃণমূল নেতৃত্ব বিজেপির সমস্ত অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি করেছেন। তাঁদের বক্তব্য, প্রশাসনের সঙ্গে আলোচনা করে দ্রুত সমস্যার সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য তাঁরা আবেদন জানাবেন। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)

error: Content is protected !!