সিএবি দুর্গাপুরে ক্রিকেট পরিকাঠামো গড়ে দেবে— বড় ঘোষণা সৌরভ গঙ্গোপাধ্যায়ের

WhatsApp Group Join Now
Instagram Group Join Now

সুজয় ভট্টাচার্য, দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুরে রবিবার দুর্গাপুর স্পোর্টস কার্নিভালের শেষদিনে এসে বড় ঘোষণা করলেন ভারতের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক তথা সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। তিনি স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন—ভগৎ সিং স্টেডিয়ামে ক্রিকেট পরিকাঠামো গড়ে তোলার সম্পূর্ণ দায়িত্ব নেবে ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল (সিএবি)। আর এর জন্য আয়োজকদের কোনও অর্থ ব্যয় করতে হবে না।

রবিবার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত হয়ে সৌরভ বলেন, “এই স্টেডিয়ামের পরিকাঠামো দেখে আমি সত্যিই আপ্লুত। এখানে খেলাধুলোর যে পরিবেশ তৈরি হয়েছে, তা প্রশংসনীয়। সিএবি সভাপতি হিসেবে আমি আশ্বস্ত করছি—এখানে ক্রিকেটের সমস্ত প্রয়োজনীয় পরিকাঠামো গড়ে তোলা হবে। প্র্যাকটিস উইকেট, ম্যাচ উইকেট, ড্রেসিং রুম—সবকিছু সিএবি নিজের উদ্যোগে তৈরি করে দেবে। এর জন্য কোনও আর্থিক দায়ভার কাউকে নিতে হবে না।” সৌরভ গঙ্গোপাধ্যায়ের এই ঘোষণায় খুশির হাওয়া দুর্গাপুরের ক্রীড়ামহলে। সিএবি–র সহযোগিতায় আধুনিক ক্রিকেট পরিকাঠামো গড়ে উঠলে দুর্গাপুর নতুন করে রাজ্যের ক্রীড়া মানচিত্রে আরও গুরুত্বপূর্ণ জায়গা করে নেবে বলেই মনে করছেন ক্রীড়াপ্রেমীরা।

(BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472) 

দুর্গাপুর ক্লাব সমন্বয়ের উদ্যোগে প্রতি বছরের মতো এবারও ভগৎ সিংহ স্টেডিয়ামে আয়োজিত হয় স্পোর্টস কার্নিভাল। আয়োজক কমিটির সভাপতি সন্দীপ দে জানান, ২৫ জানুয়ারি আন্তর্জাতিক ম্যারাথন দৌড়ের মাধ্যমে এবারের কার্নিভাল শুরু হয়েছিল। ব্যাডমিন্টন, বাস্কেটবল, খো-খো, টেবিল টেনিস, ফুটবল, ক্রিকেট সহ মোট ১৩৬টি ইভেন্টে প্রতিযোগিতা হয়। শেষদিনের অনুষ্ঠানে সৌরভ গঙ্গোপাধ্যায় ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী প্রদীপ মজুমদার, পুরসভার কমিশনার আবুল কালাম আজাদ ইসলাম, পান্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী প্রমুখ।

সৌরভ জানান, কার্নিভাল শুরুর সময় তিনি টি-২০ ক্রিকেট সংক্রান্ত কাজে দক্ষিণ আফ্রিকায় ব্যস্ত ছিলেন। সেখান থেকেই তিনি একটি শুভেচ্ছাবার্তা পাঠিয়েছিলেন। শেষদিনে উপস্থিত হতে পেরে তিনি অত্যন্ত আনন্দিত। প্রতিযোগীদের উদ্দেশ্যে তিনি অনুপ্রেরণামূলক বার্তাও দেন।একসঙ্গে এত সংখ্যক ইভেন্ট এক জায়গায় আয়োজন করার জন্য উদ্যোক্তাদের প্রশংসা করেন সৌরভ। পাশাপাশি তিনি পরামর্শ দেন, আগামী বছর থেকে এই কার্নিভালে ক্রিকেট ইভেন্ট অন্তর্ভুক্ত করার। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)

error: Content is protected !!