চন্ডীদাস বাজারে ‘বিতর্কিত’ পোস্টার-ব্যানার, সরগরম দুর্গাপুরের রাজনীতি

WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: ‘হিন্দু হিন্দু ভাই ভাই, ২৬ শে বিজেপিকে চাই’, রাতের অন্ধকারে কে বা কারা এমনই পোস্টার, ব্যানার লাগিয়ে দিয়েছে পশ্চিম বর্ধমান জেলার (Paschim Bardhaman) দুর্গাপুরের ডিএসপি টাউনশিপের চন্ডীদাস বাজার এলাকায়। যা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। ক্ষমতা থাকলে দিনের আলোয় এই ব্যানার লাগিয়ে দেখাক, বিজেপিকে হুঁশিয়ারি তৃণমূল নেতৃত্বের! বিজেপির দাবি, দাঙ্গা লাগানোর চেষ্টা করছে তৃণমূল। তার প্রতিবাদে আন্দোলনে নেমেছে সাধারণ মানুষ।

https://youtu.be/xjOqs5eYIPQ

রবিবার রাতে চন্ডীদাস বাজারে ব্যানারগুলি দেখা যায়। জানাজানি হতেই শোরগোল পড়ে যায়। কয়েক সপ্তাহ ধরে রাজ্যের বিভিন্ন প্রান্তে বিজেপির তরফ থেকে এমন পোস্টার, ব্যানার লাগাতে দেখা গিয়েছে। রাজ্যের বিভিন্ন প্রান্তে এমন স্লোগান উঠেছে বিজেপির মিছিলে। তবে দুর্গাপুরে কে বা কারা এই ব্যানার লাগিয়েছে, তা নিয়ে ধোঁয়াশা রয়েছে।

(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)

জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক সুজিত মুখোপাধ্যায় বিজেপিকে আক্রমণ করে বলেন, “ধর্মের নামে সুড়সুড়ি দিয়ে তৃণমূলকে থামানো যায় না। ওরা যতই বলুক হিন্দু হিন্দু ভাই ভাই ২৬শে বিজেপিকে চাই, যদি ক্ষমতা থাকে তাহলে দিনের আলোয় এইসব ব্যানার দিয়ে দেখাক। তৃণমূল হিন্দু, মুসলিম সহ সমস্ত ধর্মকে সম্মান দেয়। আর, বিজেপি ২৬শে হারবে জেনে এইসব কাজ করছে। “

পাল্টা বিজেপির বর্ধমান সাংগঠনিক জেলার সহ সভাপতি চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় বলেন, “বিশেষ সম্প্রদায়ের মানুষকে গুরুত্ব দিয়ে দাঙ্গা লাগানোর চেষ্টা করছে তৃণমূল। তার প্রতিবাদে সাধারণ মানুষ এই আন্দোলনে নেমেছে। আর সুজিতবাবুরা যদি চ্যালেঞ্জ করেন, তাহলে পান্ডবেশ্বর বিধানসভায় ওঁর এলাকাতে এই পোস্টার লাগিয়ে দিয়ে আসব। সারা রাজ্য জুড়ে এই পোস্টার পড়ছে। মানুষ চাইছে ২০২৬এ তৃণমূলকে বিদায় করতে।” জেলা বিজেপির সাধারণ সম্পাদক অভিজিৎ দত্ত বলেন, “বাংলায় যে পরিস্থিতি তৈরি হয়েছে, তাতে হিন্দুরা সঙ্ঘবদ্ধ হয়েছে। তাই এমন পোস্টার পড়ছে রাজ্য জুড়ে। কে বা কারা দুর্গাপুরে পোস্টার দিয়েছে সেটা আমার জানা নেই।” (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।

Leave a Comment

error: Content is protected !!