ভোটার তালিকা থেকে নাম উধাও! প্রতিবাদে দুর্গাপুরে সিপিএমের বিক্ষোভ

WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: ভোটার তালিকা সংশোধনের নামে রাজ্যে প্রায় ৬০ লক্ষ ভোটারের নাম বাদ দেওয়ার অভিযোগ তুলে বৃহস্পতিবার পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুরে বিক্ষোভে সামিল হল সিপিএমের পশ্চিম বর্ধমান জেলা কমিটি। প্রতিবাদ জানাতে দলের নেতা-কর্মীরা দুর্গাপুরে মহকুমা শাসকের কার্যালয় ঘেরাও করে অবস্থান বিক্ষোভে বসেন। সামনের রাস্তাতেও তাঁরা বসে পড়েন। এর জেরে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যহত হয়।

সিপিএম নেতাদের অভিযোগ, ভোটার তালিকা সংশোধনের আড়ালে বহু বৈধ ভোটারের নাম ইচ্ছাকৃতভাবে বাদ দেওয়া হয়েছে। আবার অনেককে কোনও স্পষ্ট কারণ ছাড়াই ‘বিচারাধীন’ তালিকায় রাখা হয়েছে। এর ফলে বিপুল সংখ্যক মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ নিয়ে অনিশ্চয়তা ও বিভ্রান্তির মধ্যে পড়ছেন বলে দাবি করেন বিক্ষোভকারীরা। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিপিএমের জেলা কমিটির সদস্য সিদ্ধার্থ বসু, সিপিএম নেত্রী ঐশী ঘোষ সহ অন্যান্য নেতৃত্ব।

(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)

ঐশী ঘোষ প্রশাসন ও নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে বলেন, রাজ্যজুড়ে এত বিপুল সংখ্যক নাম মুলতুবি থাকা একটি বৃহৎ ষড়যন্ত্রের ইঙ্গিত দেয়। আগে ম্যাপিং করা থাকা সত্ত্বেও কীভাবে এত নাম বাদ পড়ল, তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। সিপিএম নেতৃত্বের দাবি, সন্দেহজনক হিসেবে চিহ্নিত ভোটারদের সম্পূর্ণ তালিকা স্বচ্ছভাবে প্রকাশ করতে হবে এবং কেন সেই নামগুলি বাদ পড়ল তার যুক্তিসঙ্গত কারণ জানাতে হবে। গোপনে ভোটার তালিকা থেকে নাম মুছে ফেলার যে কোনও প্রচেষ্টা বাম দলগুলি মেনে নেবে না। সমস্ত বৈধ ভোটারের নাম পুনর্বহাল না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলেও হুঁশিয়ারি দেন তাঁরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং কোনও অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। 

সিপিএমের আন্দোলনকে কটাক্ষ করেছে বিজেপি ও তৃণমূল। বিজেপির জেলা মুখপাত্র সুমন্ত মণ্ডল বলেন, “রাজ্যের মানুষ সিপিএমকে অনেক আগেই প্রত্যাখ্যান করেছেন। তাই এখন সিপিএম নেতারা নানা ভাবে নিজেদের টিকিয়ে রাখার চেষ্টা করছেন। তাঁদের সঙ্গে সাধারণ মানুষের কোনও সমর্থন নেই।” অন্যদিকে তৃণমূলের জেলা সহ-সভাপতি উত্তম মুখোপাধ্যায়ও বামেদের আন্দোলনের সমালোচনা করে বলেন, “সিপিএমের সত্যিই সদিচ্ছা থাকলে দিল্লিতে গিয়ে জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে আন্দোলন করুক বা সুপ্রিম কোর্টে মামলা করুক। এখানে মহকুমাশাসকের দফতরের সামনে বিক্ষোভ দেখিয়ে নাটক করে কোনও লাভ নেই।” (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)

error: Content is protected !!