দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: জয়দেব মেলার দিনক্ষণ যতই এগিয়ে আসছে, ততই বাড়ছে অজয় নদের অস্থায়ী সেতু ঘিরে অসন্তোষ। অস্থায়ী সেতু নির্মাণের অনুমতি না মেলায় পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলায় কাঁকসার বিদবিহার এলাকায় ছড়িয়ে পড়ল ক্ষোভ। মঙ্গলবার বিদবিহার থেকে জয়দেব কেন্দুলি যাওয়ার গুরুত্বপূর্ণ যোগাযোগ পথের উপর অস্থায়ী সেতুর দাবিতে বিজেপির ডাকে রাস্তায় নামেন এলাকার বাসিন্দারা। বিক্ষোভকে ঘিরে কিছুক্ষণের মধ্যেই চরম উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়।
আন্দোলনকারীদের অভিযোগ, প্রতিবছর জয়দেব মেলার সময় এই অস্থায়ী সেতুই দুই পাড়ের মানুষের যাতায়াতের প্রধান ভরসা। অথচ এবছর প্রশাসন প্রথমে সেতু তৈরির আশ্বাস দিলেও শেষ মুহূর্তে অনুমতি দেওয়া হয়নি। সেই প্রতিবাদেই এদিন বিক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। বিক্ষোভ চলাকালীন গলসির বিধায়ক নেপাল ঘড়ুইকে ‘নিখোঁজ’ আখ্যা দিয়ে স্লোগানও ওঠে।
(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)
বিজেপি নেতা জয়দীপ বন্দ্যোপাধ্যায় বলেন, “প্রশাসন আগে থেকেই অস্থায়ী সেতু তৈরির কথা জানিয়েছিল। কিন্তু হঠাৎ করে সেই সিদ্ধান্ত বদলানো হয়েছে। অবিলম্বে সেতু নির্মাণের কাজ শুরু না হলে আমরা ধারাবাহিকভাবে অবরোধ চালাব।” অন্যদিকে, বিদবিহার গ্রাম পঞ্চায়েতের সদস্য স্বপন সূত্রধর জানান, আন্দোলন করা গণতান্ত্রিক অধিকার। তবে অজয় নদের উপর অস্থায়ী সেতু না হওয়ায় সাধারণ মানুষের অসুবিধা ও ক্ষোভ স্বাভাবিক। দ্রুত সেতু নির্মাণের মধ্য দিয়েই সমস্যার সমাধান সম্ভব বলে তিনি জানান। এই অচলাবস্থা কবে কাটবে, সেদিকেই এখন তাকিয়ে বিদবিহারের বাসিন্দারা। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)


