দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুরের ৩০ নম্বর ওয়ার্ডের শ্রীপল্লি এলাকায় পানীয় জলের তীব্র সঙ্কট দীর্ঘদিনের। সমস্যার সমাধানে স্থানীয় বাসিন্দারা পুর নিগমের কাছে আবেদন জানান। আবেদনের ভিত্তিতে পুর নিগম তিনটি চাপা কল বসানোর অনুমতি দেয় এবং কাজও শুরু হয়। কিন্তু হঠাৎই স্থানীয় কাউন্সিলরের নাম করে ঠিকাদারকে ফোনে হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। এরপরেই কাজ বন্ধ করে সরে যান ঠিকাদার। এই ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসীর একাংশ বুধবার রাস্তায় নেমে বিক্ষোভ দেখান।
বাসিন্দাদের বক্তব্য, গ্রীষ্মের আগে পানীয় জলের সমস্যার স্থায়ী সমাধান জরুরি। কাজ বন্ধ হয়ে যাওয়ার পর তাঁরা পুর নিগমের প্রশাসকমণ্ডলীর ভাইস চেয়ারপার্সেন ধর্মেন্দ্র যাদবের সঙ্গে দেখা করেন। তিনি কাজ দ্রুত শুরু করার আশ্বাস দিলেও এখনও পর্যন্ত কোনও অগ্রগতি হয়নি বলে তাঁদের অভিযোগ। তাই কলের কাজ অবিলম্বে চালু করার দাবিতে এদিন স্থানীয় ক্লাবের সামনে জমায়েত হয়ে প্রতিবাদ জানান বাসিন্দারা। তাঁদের হুঁশিয়ারি, দ্রুত ব্যবস্থা না নেওয়া হলে আসন্ন ভোট বয়কট করা হবে।
(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)
যদিও প্রাক্তন কাউন্সিলর রুমা পাড়িয়ালের পক্ষ থেকে জানানো হয়েছে, কল বসানোর জায়গা নিয়ে মতবিরোধ তৈরি হয়েছে। ক্লাবের বাউন্ডারি ওয়ালের ভিতরে কল বসালে অনেকের অসুবিধা হতে পারে—এই বিষয়টি নিয়েই আপত্তি উঠেছে। এর পিছনে তাঁকে কালিমালিপ্ত করার চক্রান্ত রয়েছে। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলেও তিনি জানান। তৃণমূল নেতৃত্বের একাংশের অভিযোগ, এই বিক্ষোভের পিছনে বিজেপির মদত রয়েছে।
যদিও বিজেপির জেলা মুখপাত্র সুমন্ত মণ্ডল এই অভিযোগ অস্বীকার করে বলেন, “তৃণমূলের অভ্যন্তরীণ দ্বন্দ্বেই কাজ বন্ধ হয়েছে। ঠিকাদার বুঝতে পারছেন না কার নির্দেশ মানবেন। এই ঘটনাই প্রমাণ করছে তৃণমূল নেতৃত্বহীনতায় ভুগছে।” তবে এলাকাবাসীর দাবি স্পষ্ট—রাজনৈতিক তরজায় তাঁদের আগ্রহ নেই। গরম পড়ার আগেই যেন বন্ধ হয়ে যাওয়া কলের কাজ দ্রুত শেষ হয় এবং পানীয় জলের সমস্যা মেটে—এটাই তাঁদের একমাত্র দাবি। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)