দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: এম-সিল—যা দিয়ে আগে পাইপ লিকেজ বা ফাটল মেরামত হত, এখন তা হয়ে উঠছে স্বনির্ভরতার হাতিয়ার! দুর্গাপুর স্টিল প্ল্যান্ট (ডিএসপি) কর্তৃপক্ষ তাঁদের সামাজিক উন্নয়ন প্রকল্পের মাধ্যমে দুর্গাপুর সুন্দরম ক্রিয়েটিভ ওয়েলফেয়ার সোসাইটির সহযোগিতায় দুর্গাপুরের পারুলিয়া, আরতি, আমরাই-সহ একাধিক এলাকার মহিলাদের এম-সিল দিয়ে হাতের কাজের প্রশিক্ষণ দিচ্ছেন। সেই প্রশিক্ষণ ইতিমধ্যেই অনেকের জীবনে বদলও আনতে শুরু করেছে!
—————————————
ভিডিয়োতে খবরটি দেখুন এখানে ক্লিক করে: https://www.facebook.com/share/v/17w4hHwjbH/
—————————————-
এম-সিল—এক ধরনের শক্তিশালী আঠা। প্রশিক্ষণের মাধ্যমে শেখানো হচ্ছে, এই উপকরণ দিয়েই তৈরি করা যায় শোপিস, গয়না, ফুলদানি, কলমদানি, ক্যানভাস আর দেবদেবীর মূর্তি। নরম অবস্থায় শিল্পকর্ম গড়ে, শুকিয়ে গেলে তার ওপর অ্যাক্রিলিক রং ও বার্নিশের প্রলেপ—আর তাতেই তৈরি হচ্ছে বাজারযোগ্য পণ্য। ঘর জুড়ে রয়েছে অপূর্ব সব শিল্পকর্ম। 
দুর্গাপুর সুন্দরম ক্রিয়েটিভ ওয়েলফেয়ার সোসাইটির তরফে মানস সরখেল জানান, প্রথমে পারুলিয়ার রুইদাস পাড়ার মহিলাদের তিন মাসের প্রশিক্ষণ দেওয়া হয়। কাজ শেখার পর তাঁদের হাতে তুলে দেওয়া হয় বড় দায়িত্ব—ডিএসপির তরফে ৪ হাজার সরস্বতী ও গণেশ মূর্তি তৈরির বরাত। মহিলারা সফলভাবে সেই কাজ সম্পন্ন করেন। খবর ছড়িয়ে পড়তেই আমরাই ও আরতি এলাকার আরও মহিলারা প্রশিক্ষণে যোগ দেন। এখন চলছে প্রশিক্ষণের দ্বিতীয় পর্ব।
পারুলিয়া নব রুইদাস পাড়ার কবিতা রুইদাস বলেন, “প্রথমে মূর্তির শরীর, তারপর হাত-পা তৈরি করে জুড়ে দিই। শেষে রং করি। দিনে ৫-১০টি মূর্তি বানানো যায়। প্রতিটি মূর্তি তৈরি করতে খরচ পড়ে আনুমানিক ১০০-১৫০ টাকা। বিক্রি করে কিছু আয় হয়।” পার্বতী রুইদাস জানান, আগে তিন মাসের প্রশিক্ষণ নিয়েছেন, এখন আবার উন্নত কোর্স করছেন। টোটো করে এসে নিয়মিত কাজ শিখছেন। আরতি গ্রামের হাসমা খাতুন বলেন, “প্রশিক্ষণ নিয়ে এখন বিভিন্ন মূর্তি বানাতে পারছি। স্বনির্ভর হওয়ার স্বপ্ন দেখছি।”
প্রশিক্ষণের চাহিদা বাড়লেও অবকাঠামোর কিছু সীমাবদ্ধতা রয়েছে। রং করার জন্য পর্যাপ্ত জায়গা নেই বলে জানান মানস সরখেল। ভবিষ্যতে বড় জায়গার ব্যবস্থা হলে আরও বেশি মহিলাকে যুক্ত করা যাবে বলেই আশা। একসময় যাঁদের হাতে ছিল শুধু সংসারের দায়, আজ তাঁদের হাতেই গড়ে উঠছে শিল্প। এম-সিলের শক্ত বাঁধনের মতোই পোক্ত হচ্ছে তাঁদের আত্মবিশ্বাস। দুর্গাপুরের এই ছোট্ট নীরব উদ্যোগ অনেক মহিলার জীবনে বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)



