দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: শিশুদের শরীরে ক্যালসিয়ামের ঘাটতি পূরণ ও হাড় মজবুত করার লক্ষ্যে ঝাড়খণ্ডের চাসনালা, জিতপুর, তাসরা ও রামনগরের একাধিক স্কুলে শুরু হয়েছে ‘দুধ শক্তি’ প্রকল্প। সেল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড (SAIL) এর চাসনালা কোলিয়ারিজ ডিভিশনের সিএসআর কর্মসূচি এবং দুর্গাপুর সুন্দরম ক্রিয়েটিভ ওয়েলফেয়ার সোসাইটির যৌথ উদ্যোগে এই প্রকল্প নেওয়া হয়েছে। এই কর্মসূচির আওতায় এলকেজি থেকে পঞ্চম শ্রেণির পড়ুয়াদের প্রতিদিন ছোট ছোট দুধের প্যাকেট দেওয়া হবে। শিশুদের নিয়মিত পুষ্টি জোগান নিশ্চিত করাই এই উদ্যোগের মূল লক্ষ্য।

এই কর্মসূচীতে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন চাসনালা কোলিয়ারিজ ডিভিশনের সিজিএম (এইচআর) সঞ্জয় তেওয়ারি, জিএম (এইচআর) উদয় কুলকার্নি, জিএম (এফ অ্যান্ড এ) সৈকত মণ্ডল, জিএম (সিএসআর) সঞ্জীব সরন সিং এবং ডেপুটি ম্যানেজার (সিএসআর) বিভাস মিশ্র। এছাড়াও প্রকল্প বাস্তবায়নে সক্রিয় সহযোগিতা করেছেন চাসনালা অ্যাকাডেমির প্রধান শিক্ষক অনিল কুমার পান্ডে, চাসনালা প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক সোনু স্বর্ণকার, জিতপুর অ্যাকাডেমির প্রধান শিক্ষক কৃষ্ণ তিওয়ারি, প্রয়াস ইন্ডিয়া অ্যাকাডেমির কর্ণধার বিনীত কুমার এবং সংশ্লিষ্ট বিদ্যালয়গুলির শিক্ষক-শিক্ষিকারা।
শনিবার রামনগর শ্রীদুর্গা অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়, রামনগর বাণী বিদ্যাপীঠ আর্য প্রাথমিক বিদ্যালয়ে এই কর্মসূচীর সূচনা হল। উদ্যোক্তাদের দাবি, প্রকৃত অর্থে যেসব শিশুদের পুষ্টির প্রয়োজন রয়েছে, তাদের কাছে পৌঁছনোই এই প্রকল্পের লক্ষ্য। ‘দুধ শক্তি’ প্রকল্প শিশুদের সুস্বাস্থ্য গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে তাঁরা আশাবাদী। পাশাপাশি, এর জেরে স্কুল ছুটের সংখ্যাও কমবে বলে আশা। দুর্গাপুর সুন্দরমের প্রতিষ্ঠাতা মানস সরখেল বলেন, “বাচ্চাদের সুস্থ শরীর আর মজবুত ভবিষ্যতের জন্য সবচেয়ে জরুরি সঠিক পুষ্টি। আর সেই পুষ্টির অন্যতম প্রধান উৎস—দুধ। এই ভাবনাকে বাস্তবে রূপ দিতে ঝাড়খণ্ডের চাসনালা, জিতপুর, তাসরা এবং রামনগরের একাধিক স্কুলে শুরু হয়েছে বিশেষ পুষ্টি প্রকল্প—‘দুধ শক্তি’।” (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)


