WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ২৯ সেপ্টেম্বর: হাতে কালো পতাকা, খাটে চাপানো কুশপুত্তলিকা। গলায় জুতোর মালা পরিয়ে পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের সিটি সেন্টার বাসস্ট্যান্ড চত্বরে ঘোরানোর পর প্রতীকীভাবে কবর দেওয়া হল সেই কুশপুত্তলিকা। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে নিয়ে হুমায়ুন কবীরের বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে মঙ্গলবার এমনই অভিনব বিক্ষোভে সামিল হল বিজেপি যুব মোর্চা।

বিক্ষোভকারীদের দাবি, রাজনৈতিক মতপার্থক্য বা তর্ক-বিতর্ক গণতান্ত্রিক রাজনীতির অঙ্গ। কিন্তু কোনও রাজনৈতিক নেতার মৃত্যু কামনা করা মেনে নেওয়া যায় না। সেই বক্তব্যের প্রতিবাদেই এই কর্মসূচি বলে জানান তাঁরা।

বিজেপি যুব মোর্চার সাধারণ সম্পাদক শুভম সিংয়ের অভিযোগ, হুমায়ুন কবীরের মন্তব্য রাজনৈতিক শালীনতার সীমা ছাড়িয়েছে। তাঁর দাবি, মন্তব্যের জন্য হুমায়ুন কবীরকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। পাশাপাশি তাঁর বিরুদ্ধে কঠোর পদক্ষেপেরও দাবি জানান তিনি।

আরও পড়ুন: গুগল ম্যাপের দেখানো পথে গিয়ে বাইক সহ খাদে, সারারাত ‘নিখোঁজ’ যুবক!

শুভম সিং বলেন, “রাজনীতিতে মতভেদ থাকবে, তর্ক-বিতর্ক হবে। কিন্তু মুখ্যমন্ত্রীর মৃত্যু কামনা কোনওভাবেই বরদাস্ত করা হবে না। আমরা কঠোর শাস্তি চাইছি। পাশাপাশি তাঁকে প্রকাশ্যে ক্ষমাও চাইতে হবে। তা না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলন হবে।”

উল্লেখ্য, হুমায়ুন কবীর সম্প্রতি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেন। পরে তিনি নিজের বক্তব্যের ব্যাখ্যা দিয়ে মুখ্যমন্ত্রীর দীর্ঘায়ু কামনার কথা জানান এবং বলেন, তাঁর মূল অভিযোগ ছিল পুলিশের ভূমিকা নিয়ে। (বিশেষ বিশেষ খবরের ভিডিয়ো দেখতে Durgapur Darpan Youtube Channel সাবস্ক্রাইব করুন)