দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ১০ অক্টোবর: জরুরি পরিস্থিতিতে কী ভাবে দ্রুত ও কার্যকর পদক্ষেপ করে মানুষের প্রাণ বাঁচানো যায়, সেই পাঠ দিতে চার দিনের বেসিক লাইফ সাপোর্ট (বিএলএস) কর্মশালার আয়োজন করল পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের ডাঃ বি সি রায় অ্যাকাডেমি অফ প্রফেশনাল কোর্সেস। প্রতিষ্ঠানের হাসপাতাল ম্যানেজমেন্ট বিভাগের উদ্যোগে এবং দুর্গাপুরের দ্য মিশন হাসপাতালের সহযোগিতায় আয়োজিত এই কর্মশালায় অংশ নেয় মোট ১২০ জন পড়ুয়া। তাঁদের মধ্যে দুর্গাপুরের বিভিন্ন স্কুলের ৬০ জন এবং কলেজের ৬০ জন পড়ুয়া ছিল।
কর্মশালায় প্রশিক্ষণ দেন দ্য মিশন হাসপাতালের দুর্ঘটনা ও জরুরি চিকিৎসা বিভাগের পরামর্শদাতা চিকিৎসক ডাঃ তীর্থ মুখোপাধ্যায়। তিনি আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন (এএইচএ)-এর শংসাপত্রপ্রাপ্ত প্রশিক্ষক। তাঁর নেতৃত্বে প্রশিক্ষক দলের সদস্যরা পড়ুয়াদের জরুরি পরিস্থিতিতে প্রাথমিক জীবনরক্ষাকারী পদক্ষেপ সম্পর্কে প্রশিক্ষণ দেন।
কর্মশালার শেষে আয়োজন করা হয় ‘বিএলএস লাইফ সেভার চ্যাম্পিয়নশিপ ২০২৬’। লিখিত পরীক্ষা ও ব্যবহারিক মূল্যায়নের মাধ্যমে প্রতিযোগীদের দক্ষতা যাচাই করা হয়। স্কুল স্তরে প্রথম স্থান অধিকার করেছে দুর্গাপুরের ডিএভি মডেল স্কুলের অপরাজিতা চট্টোপাধ্যায়। যৌথ ভাবে দ্বিতীয় হয়েছে পূর্ভ ইন্টারন্যাশনাল স্কুলের ঐশানী সীট এবং সেন্ট জেভিয়ার্স হাই স্কুলের রূপম মণ্ডল। তৃতীয় স্থানে রয়েছে বিচউড স্কুলের অভিনব শ্রীবাস্তব এবং কেন্দ্রীয় বিদ্যালয়, সিএমইআরআই-এর ঋষিকা সাহা।

কলেজ স্তরে প্রথম হয়েছে হাসপাতাল ম্যানেজমেন্ট বিভাগের অঙ্কিতা রায়। দ্বিতীয় স্থান পেয়েছে অপটোমেট্রি বিভাগের সামরা ফিরদৌস। তৃতীয় হয়েছে হাসপাতাল ম্যানেজমেন্ট বিভাগের নিশা যাদব।
ডাঃ তীর্থ মুখোপাধ্যায় জানান, হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যাওয়া, শ্বাসনালিতে কিছু আটকে যাওয়া বা শ্বাসকষ্টের মতো জরুরি পরিস্থিতিতে বিএলএস প্রশিক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সঠিক সময়ে উপযুক্ত পদক্ষেপ রোগীর জীবন বাঁচাতে সাহায্য করতে পারে। আয়োজকদের মতে, তরুণ প্রজন্মের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি, জীবনরক্ষাকারী কৌশল সম্পর্কে হাতে-কলমে শিক্ষা এবং জরুরি পরিস্থিতি মোকাবিলার প্রস্তুতি নিশ্চিত করাই এই উদ্যোগের মূল লক্ষ্য।
আরও পড়ুন: আকাশ থেকেই নেভাবে আগুন! BCREC-এর পড়ুয়াদের উদ্ভাবন নিয়ে চলছে জোর চর্চা


