দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: আন্তর্জাতিক কিকবক্সিং মঞ্চে দারুণ সাফল্য পেল দুর্গাপুর ও পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার খেলোয়াড়রা। ৪ থেকে ৮ ফেব্রুয়ারি রাজধানী নয়াদিল্লিতে অনুষ্ঠিত ওয়ার্ল্ড অ্যাসোসিয়েশন অফ কিকবক্সিং অর্গানাইজেশনস (WAKO) আয়োজিত পঞ্চম ইন্ডিয়া ওপেন ইন্টারন্যাশনাল কিকবক্সিং কাপে অংশ নিয়ে অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছেন জেলার প্রতিভাবান ক্রীড়াবিদরা। উল্লেখ্য, ভারত সহ ফিলিস্তিন, উজবেকিস্তান, কাজাখস্তান, ইরাক এবং আলজেরিয়ার মতো বিভিন্ন দেশ থেকে প্রায় ১০০০ খেলোয়াড় এই আন্তর্জাতিক চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করেন। এমন বৃহৎ প্রতিযোগিতায় দুর্গাপুরের খেলোয়াড়দের এই সাফল্য নিঃসন্দেহে জেলার ক্রীড়া ইতিহাসে এক গর্বের অধ্যায়।
ভারতের হয়ে পশ্চিম বর্ধমান জেলা থেকে প্রতিনিধিত্ব করেন গুরান্স সিং, রূপঙ্কর রাই, ঈশ্বর মাঝি এবং ফিরোজ খান। প্রতিযোগিতা শেষে মঙ্গলবার পদক নিয়ে গর্বের সঙ্গে বাড়ি ফিরেছেন তাঁরা। সমগ্র পশ্চিমবঙ্গ থেকে মোট ১২ জন খেলোয়াড় এই আন্তর্জাতিক আসরে অংশগ্রহণ করে ২০টি পদক জয় করেছেন। এর মধ্যে পশ্চিম বর্ধমান জেলার খেলোয়াড়রা একাই জিতেছেন ১১টি পদক—যার মধ্যে রয়েছে ৩টি স্বর্ণ এবং ৮টি রৌপ্য। মাত্র আট বছর বয়সী গুরান্স সিং শিশু বিভাগে +৩৬ পয়েন্ট ফাইট বিভাগে স্বর্ণপদক জিতে নজর কেড়েছেন। পাশাপাশি আরও দুটি ইভেন্টে তিনি দুটি রৌপ্য পদক অর্জন করেন।
(The Mission Hospital. দেশের সেরা চতুর্থ হাসপাতাল এখন দুর্গাপুরে। যোগাযোগ- 8687500500)
বেনাচিতির কৃতী খেলোয়াড় রূপঙ্কর রাই ওল্ডার ক্যাডেট বিভাগে পয়েন্ট ফাইট ও লাইট কন্টাক্টে দুটি রৌপ্য পদক লাভ করেছেন। এছাড়াও ফার্মস ইভেন্টে তিনি একটি স্বর্ণ ও একটি রৌপ্য পদক জিতেছেন। একাডেমির কোচ, দুর্গাপুরের মুচিপাড়া গোঁসাইতলার বাসিন্দা ঈশ্বর মাঝি সিনিয়র পুরুষ বিভাগে দুটি রৌপ্য পদক অর্জন করে দলকে আরও শক্তিশালী করেছেন। জেলা কিকবক্সিং অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ফিরোজ খানও একটি স্বর্ণ এবং একটি রৌপ্য পদক জিতে জেলার সাফল্যের মুকুটে নতুন পালক যুক্ত করেছেন। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)