বিজেপির অস্থায়ী কার্যালয় ভাঙচুর ও চুরির অভিযোগে তোলপাড় দুর্গাপুর

WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুরের ২৫ নম্বর ওয়ার্ডের ফুলঝোড় ডাঙাপাড়া এলাকায় শনিবার গভীর রাতে ঘটে যাওয়া এক ঘটনাকে ঘিরে তীব্র রাজনৈতিক উত্তেজনা ছড়িয়েছে। বিজেপির অস্থায়ী দলীয় কার্যালয় ভাঙচুর করার অভিযোগ উঠেছে শাসকদল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শুরু হয়েছে চাপানউতোর ও রাজনৈতিক বাকযুদ্ধ।

বিজেপি কর্মীদের অভিযোগ, রাতের অন্ধকারে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা পরিকল্পিতভাবে ওই অস্থায়ী কার্যালয়ে হামলা চালায়। প্রথমে কার্যালয় ভাঙচুর করা হয়, পরে সেটি সম্পূর্ণভাবে হাপিস করে দেওয়া হয় বলে দাবি করেছেন স্থানীয় বিজেপি নেতারা। তাঁদের বক্তব্য, এই কার্যালয় থেকেই এলাকার মানুষের নানা সমস্যার কথা শোনা হত, সরকারি প্রকল্প সংক্রান্ত কাজকর্ম পরিচালনা করা হত এবং দলীয় সাংগঠনিক কার্যক্রম চলত।

বিজেপি নেতৃত্বের দাবি, এই হামলা শুধুমাত্র একটি কার্যালয়ে আক্রমণ নয়—এটি গণতান্ত্রিক অধিকার এবং বিরোধী দলের কণ্ঠরোধের চেষ্টা। ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বিজেপির মণ্ডল সভাপতি বুদ্ধদেব মণ্ডল বলেন, “এলাকার তৃণমূল কর্মী-সমর্থকরাই এই ঘটনার সঙ্গে সরাসরি যুক্ত। রাজনৈতিকভাবে মোকাবিলা করতে না পেরে এই ধরনের গুন্ডামির পথ বেছে নেওয়া হয়েছে। অবিলম্বে দোষীদের চিহ্নিত করে কড়া ব্যবস্থা নিতে হবে, না হলে আমরা বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হব।”

(The Mission Hospital. দেশের সেরা চতুর্থ হাসপাতাল এখন দুর্গাপুরে। যোগাযোগ- 8687500500)

অন্যদিকে বিজেপির তোলা অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস। ২৫ নম্বর ওয়ার্ডের প্রাক্তন পুরপিতা দীপঙ্কর লাহা পাল্টা দাবি করেন, “ওই এলাকায় বিজেপির কোনও অস্থায়ী কার্যালয় ছিল বলেই আমার জানা নেই। পুরো ঘটনাটাই বিজেপির অভ্যন্তরীণ গোষ্ঠীদ্বন্দ্বের ফল। তৃণমূল কংগ্রেসের কেউ এই ধরনের কাজের সঙ্গে যুক্ত নয়। রাজনৈতিকভাবে ফায়দা তুলতেই মিথ্যা অভিযোগ তোলা হচ্ছে।”

এই ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। দুই রাজনৈতিক শিবিরের পরস্পরবিরোধী অভিযোগে উত্তপ্ত হয়ে উঠেছে স্থানীয় পরিবেশ। পুলিশ প্রশাসনের কাছে অভিযোগ জানানো হবে বলে বিজেপির তরফে জানানো হয়েছে। পরিস্থিতি যাতে আরও অশান্ত না হয়, সেদিকে নজর রাখছে প্রশাসন। ফুলঝোড় ডাঙাপাড়ার এই ঘটনায় আগামী দিনে রাজনৈতিক চাপানউতোর আরও বাড়তে পারে বলেই মনে করছেন স্থানীয় বাসিন্দারা। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)

error: Content is protected !!