WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: মাত্র ১৫ বছর বয়সে মৃত্যু হল প্রতিশ্রুতিমান পাওয়ারলিফটার অভিমন্যু চট্টোপাধ্যায়ের (১৫)। দুর্গাপুরের বিধাননগরের বেসরকারি হাসপাতালে মঙ্গলবার দুপুরে তাঁর মৃত্যু হয়। তাঁর বাবা দেবীপ্রসাদ ও মা সূচী, দু’জনেই জাতীয় ও আন্তর্জাতিক স্তরে পাওয়ার লিফটিং বিভাগে প্রতিষ্ঠিত নাম। ছেলেকেও তাঁরা কঠোর অনুশাসন ও ভালোবাসায় একজন আত্মবিশ্বাসী পাওয়ারলিফটার হিসাবে গড়ে তুলছিলেন। অভিমন্যুও সাফল্যের পথে দ্রুত অগ্রগতি করছিলেন। পড়াশোনাতেও ছিলেন অত্যন্ত মেধাবী। ভাল গিটার বাজাতেন। তাঁর মতো উজ্জ্বল প্রতিভার অকাল প্রয়াণ ক্রীড়া জগতের জন্য এক অপূরণীয় ক্ষতি। একমাত্র ছেলেকে হারিয়ে কার্যত শোকে পাথর হয়ে গিয়েছেন বাবা-মা।

জেলা, রাজ্য এমনকি ইস্টার্ন ইন্ডিয়া—প্রতিটি স্তরেই সাফল্য অর্জন করেছেন অভিমন্যু। এত অল্প বয়সেই অনেকের অনুপ্রেরণা ছিলেন তিনি। ২৯ মার্চ বোকারোতে উচ্চ পরিবাহী বিদ্যুতের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর জখম হন। তাঁকে ভর্তি করা হয় বোকারোর হাসপাতালে। ৩১ মার্চ তাঁকে আনা হয় দুর্গাপুরের বেসরকারি হাসপাতালে। কিন্তু শেষ রক্ষা আর হল না। বুধবার দুপুরে দুর্গাপুর মহকুমা হাসপাতালে পশ্চিম বর্ধমান জেলা ফিজিক্যাল কালচার অ্যাসোসিয়েশন এর পক্ষ থেকে অভিমন্যুর আত্মার শান্তি কামনা করে শোকসভার আয়োজন করা হয়। পাওয়ারলিফটার, বডিবিল্ডার, যোগাসন সহ ক্রীড়া জগতের সঙ্গে যুক্ত সবাই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অ্যাসোসিয়েশনের তরফে মৃতের পরিবারের পাশে সব রকম ভাবে পাশে থাকার বার্তা দেওয়া হয়। জাতীয় ও আন্তর্জাতিক পদক প্রাপ্ত পাওয়ার লিফটার সীমা দত্ত চট্টোপাধ্যায় বলেন, “অভিমন্যুর এই অকাল প্রয়াণ আমরা কেউ মেনে নিতে পারছি না। এমন মর্মান্তিক ঘটনা কল্পনা করা যায় না।” (বিশেষ বিশেষ খবরের ভিডিয়ো দেখতে Durgapur Darpan Youtube Channel সাবস্ক্রাইব করুন)