WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুরে ইন্ডাস্ট্রিয়াল বিজনেস মিট

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: শিল্পে নতুন বিনিয়োগ বৃদ্ধি এবং শিল্পোদ্যোগীদের সমস্যার সমাধানে উদ্যোগী হয়েছে রাজ্য সরকার। সেই লক্ষ্যেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে বৃহস্পতিবার পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরে শিল্পোদ্যোগীদের সঙ্গে বৈঠক করলেন রাজ্যের শিল্পমন্ত্রী তাপস রায়। বৈঠকে উপস্থিত ছিলেন পূর্তমন্ত্রী অজয় পোদ্দার, শিল্প প্রতিমন্ত্রী মৌমিতা বিশ্বাস মিশ্র, দুর্গাপুর পূর্বের বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়, দুর্গাপুরের মহকুমা শাসক অঙ্কিতা আগরওয়াল-সহ প্রশাসনের একাধিক আধিকারিক।

দুর্গাপুরের সিটি সেন্টারের একটি বেসরকারি হোটেলে ‘রানিগঞ্জ ইন্ডাস্ট্রিজ অ্যান্ড ট্রেড অ্যাসোসিয়েশন’-এর উদ্যোগে এবং ‘সাউথ বেঙ্গল ফেডারেশন অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ’ (দুর্গাপুর চ্যাপ্টার)-এর সহযোগিতায় আয়োজিত হয় ‘ইন্ডাস্ট্রিয়াল বিজনেস মিট’। বৈঠকে দুর্গাপুর, আসানসোল, রানিগঞ্জ-সহ পশ্চিম বর্ধমান জেলার বিভিন্ন এলাকার শিল্পপতি, ব্যবসায়ী ও নবীন উদ্যোক্তারা অংশ নেন। বৈঠকে শিল্পোদ্যোগীরা তাঁদের বিভিন্ন সমস্যার কথা সরাসরি শিল্পমন্ত্রীর সামনে তুলে ধরেন।

এদিন শিল্পমন্ত্রীর হাতে স্মারকলিপি তুলে দেয় রানিগঞ্জ ইন্ডাস্ট্রিজ অ্যান্ড ট্রেড অ্যাসোসিয়েশন। স্মারকলিপিতে মঙ্গলপুর, জামুড়িয়া, দুর্গাপুর ও মেজিয়ার শিল্পাঞ্চলে জলের সংকট দূর করতে ইসিএলের খনির জল ব্যবহারের প্রস্তাব দেওয়া হয়। পাশাপাশি আসানসোল ও দুর্গাপুরের ইএসআই হাসপাতালের পরিকাঠামো উন্নয়ন, জামুড়িয়া ও মেজিয়ায় নতুন ইএসআই পরিষেবা কেন্দ্র চালু, আরও বেশি বেসরকারি হাসপাতালকে ইএসআই প্যানেলে অন্তর্ভুক্ত করা, শিল্পোন্নয়ন নিগম ও বন দফতরের সমন্বয়ের অভাবে জমি বরাদ্দের সমস্যা দূর করা এবং এডিডিএ-র লিজহোল্ড জমিকে ফ্রিহোল্ডে রূপান্তরের প্রক্রিয়া সহজ করার দাবি জানানো হয়।

আরও পড়ুন: সাতসকালে দুর্গাপুরে NIA-এর হানা! নিউ স্টিল পার্ক থেকে গ্রেফতার এক ব্যক্তি

আঙুল উঁচিয়ে হুঁশিয়ারি! পুরকর্মীর বেপরোয়া আচরণ ঘিরে বিতর্ক দুর্গাপুরে

দুর্গাপুরে মাত্র ১ টাকায় টিউশন পড়ার সুযোগ!

এছাড়াও শিল্পোদ্যোগীরা দাবি করেন, শিল্প স্থাপনের জন্য দমকল-সহ বিভিন্ন দফতরের অনুমোদন দ্রুত পেতে নির্দিষ্ট সময়সীমা-যুক্ত অনলাইন ‘সিঙ্গল উইন্ডো’ ব্যবস্থা চালুর দাবিও ওঠে। বৈঠক শেষে শিল্পমন্ত্রী তাপস রায় বলেন, মুখ্যমন্ত্রীর নির্দেশেই তিনি দুর্গাপুরে এসে শিল্পোদ্যোগীদের সঙ্গে সরাসরি কথা বলে তাঁদের সমস্যা ও প্রস্তাব শুনেছেন। তাঁর দাবি, শিল্পোদ্যোগীরা যে সমস্যাগুলির কথা তুলে ধরেছেন, সেগুলি যথার্থ এবং শিল্পায়নের স্বার্থে সরকার সেগুলির সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ করবে।

দুর্গাপুর পূর্বের বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় বলেন, সরকার শিল্পের জন্য সব ধরনের সহযোগিতা করবে। একই সঙ্গে শিল্প সংস্থাগুলিকে পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে, স্থানীয়দের কর্মসংস্থানে অগ্রাধিকার দিতে হবে এবং সামাজিক দায়বদ্ধতা (CSR) প্রকল্পে আরও বেশি গুরুত্ব দেওয়ারও আহ্বান জানান তিনি। (বিশেষ বিশেষ খবরের ভিডিয়ো দেখতে Durgapur Darpan Youtube Channel সাবস্ক্রাইব করুন)