দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ২৭ অক্টোবর: বাড়ির আনাজপাতির খোসা ও রান্নাঘরের পচনশীল বর্জ্য আর ফেলনা নয়, তা থেকেই তৈরি হবে জৈব সার। পরিবেশ পরিচ্ছন্ন রাখা এবং জৈব বর্জ্যের সঠিক ব্যবহারে সাধারণ মানুষকে সচেতন করতে উদ্যোগী হল ‘দুর্গাপুর সাব ডিভিশনাল স্পোর্টস অ্যান্ড কালচারাল ক্লাবস কো-অর্ডিনেশন সোসাইটি’।
এই কর্মসূচিতে সহযোগিতার হাত বাড়িয়েছে একটি পরিবেশপ্রেমী স্বেচ্ছাসেবী সংস্থা আসার এবং পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের আচার্য সত্যেন্দ্রনাথ বসু বিজ্ঞান কেন্দ্র। মঙ্গলবার দুর্গাপুরের বিধাননগরে আর্মস্ট্রং অ্যাভিনিউয়ে নিজের বাড়িতে এই প্রকল্পের সূচনা করেন সোসাইটির সাধারণ সম্পাদক কবি ঘোষ।
প্রকল্পের উদ্দেশ্য সম্পর্কে সমাজকর্মী তথা গৃহকর্ত্রী শর্মিলা জানান, বাড়ির পচনশীল জৈব বর্জ্য যাতে যত্রতত্র ফেলা না হয়, সেই বিষয়ে মানুষকে সচেতন করাই এই উদ্যোগের অন্যতম লক্ষ্য। বাড়ির আশপাশে ছোট গর্ত তৈরি করে কিংবা স্বল্পমূল্যের কম্পোস্টিং মেশিন ব্যবহার করে ওই বর্জ্য থেকেই তৈরি করা যেতে পারে জৈব সার। এতে এক দিকে যেমন বর্জ্যের পরিমাণ কমবে, তেমনই পরিবেশ পরিচ্ছন্ন রাখার পাশাপাশি সেই সার গাছের পরিচর্যার কাজেও ব্যবহার করা সম্ভব হবে।
দৈনন্দিন জীবনে সামান্য কিছু অভ্যাসের পরিবর্তনের মাধ্যমে পরিবেশ রক্ষায় কী ভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা নেওয়া যায়, এই কর্মসূচির মাধ্যমে সেই বার্তাই সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে চাইছেন উদ্যোক্তারা।
(বিশেষ বিশেষ খবরের ভিডিয়ো দেখতে Durgapur Darpan Youtube Channel সাবস্ক্রাইব করুন)


