WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ৮ সেপ্টেম্বর: দেশের প্রায় ১৮ হাজার প্রতিযোগীকে পিছনে ফেলে শুরু হয়েছিল যাত্রা। আর সেই যাত্রার শেষ হল ইতালির তুরিনে বিশ্বমঞ্চে সাফল্যের মুকুট পরে। আন্তর্জাতিক আর্থ সায়েন্স অলিম্পিয়াডে (IESO) দুটি স্বর্ণপদক এবং একটি রৌপ্যপদক জিতে পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের নাম উজ্জ্বল করলেন ডিএভি মডেল স্কুলের দ্বাদশ শ্রেণির ছাত্র সৌমিক মণ্ডল।

বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রতিভাবান তরুণ ভূবিজ্ঞানীদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে সৌমিকের এই সাফল্য ভারতের জন্যও বিশেষ তাৎপর্যপূর্ণ। ব্যক্তিগত বিভাগে তাঁর ফলাফল আরও নজরকাড়া। প্রতিযোগিতার কঠিন লিখিত ও ব্যবহারিক পরীক্ষায় স্বর্ণপদক জয়ের পাশাপাশি বিশ্বস্তরে তৃতীয় সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর অর্জন করেছেন তিনি। ভারতের IESO-তে অংশগ্রহণের ১৯ বছরের ইতিহাসে এটি একটি উল্লেখযোগ্য নজির বলে জানা গিয়েছে।

সৌমিকের সাফল্যের গল্প অবশ্য তুরিন থেকে শুরু হয়নি। দেশের প্রায় ১৮ হাজার প্রতিযোগীর মধ্যে আয়োজিত প্রাথমিক বাছাই পরীক্ষায় নজর কাড়েন তিনি। সেই পরীক্ষায় জাতীয় স্তরে ১১তম স্থান অর্জন করে পরবর্তী পর্যায়ের জন্য নির্বাচিত হন সৌমিক। এরপর ভদোদরার এম.এস. বিশ্ববিদ্যালয়ে আয়োজিত জাতীয় ওরিয়েন্টেশন ক্যাম্পে শুরু হয় আরও কঠিন প্রস্তুতি। সেখানে ভূবিজ্ঞান সংক্রান্ত বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ ও মূল্যায়নের পর অংশগ্রহণকারীদের মধ্যে দ্বিতীয় স্থান অর্জন করেন সৌমিক। সেই ফলের ভিত্তিতেই চার সদস্যের ভারতীয় দলে জায়গা করে নেন তিনি।

ইতালির তুরিনে অনুষ্ঠিত ১৯তম IESO-তে শুরু থেকেই নজর কাড়েন দুর্গাপুরের এই ছাত্র। ব্যক্তিগত লিখিত ও ব্যবহারিক পরীক্ষায় দুর্দান্ত পারফরম্যান্স করে অর্জন করেন প্রথম স্বর্ণপদক। এরপর আন্তর্জাতিক দলীয় মাঠ অনুসন্ধান বা ITFI-তেও আসে সাফল্য। বিভিন্ন দেশের পাঁচজন প্রতিযোগীর সঙ্গে একটি আন্তর্জাতিক দলে কাজ করে জটিল মাঠভিত্তিক সমস্যার সমাধান করতে হয় তাঁকে। দলগত কাজ, পর্যবেক্ষণ এবং বৈজ্ঞানিক বিশ্লেষণের দক্ষতা দেখিয়ে সেখানেও স্বর্ণপদক ছিনিয়ে নেন সৌমিক।

শুধু তাই নয়, Earth System Project (ESP)-এ তাঁর ঝুলিতে আসে রৌপ্যপদক। ফলে ব্যক্তিগত ও দলগত—উভয় ক্ষেত্রেই নিজের দক্ষতার প্রমাণ রাখেন তিনি। বিশ্বমঞ্চে সাফল্য নিয়ে দেশে ফেরার পর সৌমিককে সংবর্ধনা দেওয়া হয় নয়াদিল্লির পৃথ্বী ভবনে। সেখানে কেন্দ্রীয় মন্ত্রী ড. জিতেন্দ্র সিং তাঁর এই কৃতিত্বের জন্য তাঁকে আনুষ্ঠানিকভাবে সম্মান জানান।

দুর্গাপুরে ফিরে আসার পর ডিএভি মডেল স্কুলেও সৌমিককে ঘিরে উচ্ছ্বাস দেখা যায়। স্কুলের পরিচালন কর্তৃপক্ষ, শিক্ষক-শিক্ষিকা এবং সহপাঠীরা তাঁর এই আন্তর্জাতিক সাফল্যের জন্য অভিনন্দন জানিয়েছেন। সৌমিকের কথায়, ডিএভি মডেল স্কুলের প্রতিনিধিত্ব করে জাতীয় পর্যায়ের প্রাথমিক বাছাই থেকে শুরু হওয়া তাঁর যাত্রা তাঁকে শেষ পর্যন্ত টিম ইন্ডিয়ার সদস্য হিসেবে আন্তর্জাতিক মঞ্চে পৌঁছে দেয়। তুরিনের প্রতিযোগিতায় জোড়া স্বর্ণ ও রৌপ্যপদক অর্জন তাঁর কাছে শুধু ব্যক্তিগত সাফল্য নয়, দেশ এবং দুর্গাপুরের জন্যও এক বিশেষ গর্বের মুহূর্ত।

আরও পড়ুন: দুর্গাপুরের হোটেলে ঘর ভাড়া নিয়ে ‘জামতারা গ্যাং’-এর কারবার? গ্রেফতার ৪ যুবক

(বিশেষ বিশেষ খবরের ভিডিয়ো দেখতে Durgapur Darpan Youtube Channel সাবস্ক্রাইব করুন)