বিকট শব্দে অতিষ্ঠ শহর, মডিফায়েড সাইলেন্সরের বিরুদ্ধে কড়া অভিযানে দুর্গাপুর ট্রাফিক পুলিশ

WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুর শহরের বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরেই অভিযোগ উঠছিল মডিফায়েড সাইলেন্সর লাগানো বাইকের বিকট শব্দ নিয়ে। রাত হোক বা দিন, আচমকা কানে তালা লাগানো আওয়াজে চমকে উঠছিলেন পথচলতি মানুষ, বিশেষ করে বয়স্ক ও শিশুরা। অভিযোগের ভিত্তিতে এবার সরব হল ট্রাফিক পুলিশ। শহরের সিটি সেন্টার, মুচিপাড়া সহ একাধিক এলাকায় গত কয়েকদিন ধরে বিশেষ অভিযান চালানো হচ্ছে।

(BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472)

রাস্তায় নেমে শব্দ দূষণকারী বাইক চিহ্নিত করে আটক করছে ট্রাফিক পুলিশ। নিয়ম ভাঙার জন্য জরিমানা তো থাকছেই, পাশাপাশি চালকদের সতর্কও করা হচ্ছে। শুক্রবার সকালে ট্রাফিক পুলিশের নজর পড়ে ট্রাঙ্ক রোডের গাড়ি ও বাইকের খুচরো যন্ত্রাংশের দোকানগুলিতে। তল্লাশি চালিয়ে পুলিশ জানতে পারে, অনেক বাইক মালিকই এই এলাকাতেই মডিফায়েড সাইলেন্সর কিনেছেন। এরপর দোকানদারদের স্পষ্ট বার্তা দেওয়া হয়—ভবিষ্যতে যদি আবার এই ধরনের অবৈধ সাইলেন্সর বিক্রি করতে দেখা যায়, তবে দোকান সিল করে দেওয়া হবে।

পুলিশ জানিয়েছে, এই অভিযান একদিনের নয়। শব্দ দূষণ রুখতে এবং নাগরিকদের স্বস্তি ফেরাতে ধারাবাহিকভাবে অভিযান চলবে। নাগরিক মহলের একাংশ বলছেন, শহরের শান্ত পরিবেশ বজায় রাখতে এমন পদক্ষেপ অত্যন্ত জরুরি। কারণ রাস্তার বিকট শব্দ শুধু বিরক্তির কারণ নয়, দীর্ঘমেয়াদে তা স্বাস্থ্যের জন্যও ক্ষতিকর। এমন ভয়াবহ শব্দদূষণের বিরুদ্ধে আপস করা চলবে না বলে দাবি তাঁদের। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)

error: Content is protected !!