দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: সিকিমের গ্যাংটকে অনুষ্ঠিত ৩৫তম ন্যাশনাল স্ট্রেংথ লিফটিং অ্যান্ড ইনক্লাইন বেঞ্চ প্রেস চ্যাম্পিয়নশিপে দারুণ সাফল্য এনে দিলেন পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুরের ক্রীড়াবিদ জিৎ চক্রবর্তী। ১০ থেকে ১৪ নভেম্বর পর্যন্ত পালঝোড় স্টেডিয়ামে আয়োজিত এই প্রতিযোগিতায় দেশের ২২টি রাজ্য থেকে অংশ নেন ৭০০-রও বেশি প্রতিযোগী। কঠিন প্রতিযোগিতার মধ্যেও ইনক্লাইন বেঞ্চ প্রেস এবং স্ট্রেংথ লিফটিং—উভয় বিভাগেই দ্বিতীয় স্থান দখল করে দুটি রৌপ্যপদক জেতেন জিৎ। তাঁর এই অসাধারণ পারফরম্যান্সে সামগ্রিকভাবে পশ্চিমবঙ্গ অর্জন করেছে দ্বিতীয় স্থান।
(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)
বিভিন্ন জিমে উৎসাহীদের প্রশিক্ষণ দেওয়ার পাশাপাশি নিজের ফিটনেস প্রস্তুতিও চালিয়ে যান তিনি। ২০১৭ সাল থেকে জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় নিয়মিত অংশ নিচ্ছেন জিৎ। চলতি বছরের এপ্রিলে শিলিগুড়িতে পূর্বাঞ্চলের ৯টি রাজ্যকে নিয়ে আয়োজিত চ্যাম্পিয়নশিপে তিনি জিতেছিলেন দুটি সোনার পদক। সেই সঙ্গে ‘স্ট্রং ম্যান’, ‘হায়েস্ট লিফটার’ ও ‘বেস্ট লিফটার’-এর ট্রফিতেও তাঁর নাম লেখা থাকে। গ্যাংটকের জাতীয় মঞ্চে ফের প্রমাণ করলেন—সংগ্রাম, শৃঙ্খলা আর কঠোর অনুশীলনই সাফল্যের সেরা চাবিকাঠি। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)


