দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুরের কাঁকসা থানার অন্তর্গত বামুনাড়া এলাকায় কর্মরত অবস্থায় মর্মান্তিক দুর্ঘটনার শিকার হলেন এক তরুণ ইলেকট্রিক কর্মী। উচ্চ বিদ্যুৎবাহী তারে হাত লেগে গুরুতরভাবে ঝলসে যান ২৭ বছরের প্রভাত অধিকারী। মুহূর্তের মধ্যেই ঘটনাস্থলে ছড়িয়ে পড়ে আতঙ্ক ও চাঞ্চল্য। খবর পেয়ে কাঁকসার মলানদীঘি ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
https://youtu.be/PrnA0Jzf2Hs
প্রত্যক্ষদর্শীরা জানান, কাজ চলাকালীন আচমকাই ১১০০০ ভোল্টের বিদ্যুতের তারে হাত লেগে যায় প্রভাতের। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে লুটিয়ে পড়েন তিনি। সহকর্মী ও স্থানীয় বাসিন্দারা তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে প্রথমে দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকদের পরামর্শে তাঁকে দ্রুত বাঁকুড়া মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। জানা গিয়েছে, আহত প্রভাত অধিকারী বাঁকুড়ার বাসিন্দা।
(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)
এই ঘটনাকে ঘিরে ক্ষোভে ফেটে পড়েছেন স্থানীয় মানুষজন। তাঁদের অভিযোগ, বামুনাড়া এলাকায় আগেও একই ধরনের দুর্ঘটনা ঘটেছে। পাঁচ-ছয় মাস আগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক রাজমিস্ত্রির মৃত্যু হয়েছিল। সেই মর্মান্তিক ঘটনার পরেও দোকান মালিক কিংবা সংশ্লিষ্ট প্রশাসনের পক্ষ থেকে কোনও স্থায়ী বা কার্যকর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়নি বলেই দাবি তাঁদের। আজকের দুর্ঘটনা সেই দীর্ঘদিনের গাফিলতি ও উদাসীনতারই নির্মম পরিণতি বলে মনে করছেন এলাকাবাসী। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)


