দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুরে নামী মিষ্টির দোকান থেকে অর্ডার করা খাবার ঘিরে চাঞ্চল্য ছড়াল। ধোকলার মধ্যে পোকা পাওয়ার অভিযোগ তুলে অসুস্থ হয়ে পড়লেন এক ক্রেতা ও তাঁর মেয়ে। ঘটনাকে কেন্দ্র করে ক্ষোভ ছড়িয়েছে এলাকায়। নামী দোকানের খাবার অর্ডার দিয়েও এই পরিস্থিতি তৈরি হওয়ায় খাবারের গুণমান ও স্বাস্থ্যবিধি নিয়ে দুশ্চিন্তায় পড়ে গিয়েছেন অনেকেই।
জানা গিয়েছে, দুর্গাপুরের ডিএসপি টাউনশিপের দয়ানন্দ রোডের বাসিন্দা জয় সরকার পরিবারের জন্য অনলাইনে দুটি প্যাকেট ধোকলা অর্ডার করেছিলেন বেনাচিতির গুরুদোয়ারা রোডের একটি সুপরিচিত মিষ্টির দোকান থেকে। ওই দোকানের আরও কয়েকটি শাখা রয়েছে শহরের বিভিন্ন জায়গায়। অভিযোগ, একটি প্যাকেট খুলে ধোকলা খাওয়ার কিছুক্ষণ পরেই তাঁর মেয়ে খেতে গিয়ে খাবারের মধ্যে সাদা রঙের ছোট ছোট পোকা দেখতে পায়।
(The Mission Hospital. দেশের সেরা চতুর্থ হাসপাতাল এখন দুর্গাপুরে। যোগাযোগ- 8687500500)
এরপর অন্য প্যাকেটটি খুলে দেখা যায়, সেখানেও পোকা কিলবিল করছে। বিষয়টি বুঝতে পেরে আতঙ্কিত হয়ে পড়েন জয়বাবু ও তাঁর পরিবার। অভিযোগ, কিছুক্ষণ পর থেকেই জয় সরকার অসুস্থ বোধ করতে থাকেন এবং তিনি ও তাঁর মেয়ে কয়েকবার বমি করেন। পরে চিকিৎসকের কাছেও যেতে হয় তাঁদের। ক্ষোভ প্রকাশ করে জয় সরকার জানান, নিম্নমানের ও অস্বাস্থ্যকর খাবার সরবরাহের কারণেই এই পরিস্থিতির মুখে পড়তে হয়েছে তাঁদের। তিনি জানান, বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট মিষ্টির দোকানের বিরুদ্ধে খাদ্য দফতরে অভিযোগ জানাবেন। অন্যদিকে দোকানের এক কর্মী বলেন, এমন ঘটনা সাধারণত হওয়ার কথা নয়। তবে যদি সত্যিই এমন হয়ে থাকে, তাহলে ক্রেতার ঠিকানা পেলে তাঁর বাড়িতে নতুন করে বিনামূল্যে ধোকলার প্যাকেট পাঠিয়ে দেওয়া হবে। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)


