দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: বুধবার পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুরের শহীদ ভগৎ সিং ক্রীড়াঙ্গনে বিপুল উৎসাহ-উদ্দীপনার সঙ্গে দিল্লি পাবলিক স্কুলের দ্বাদশ বার্ষিক ক্রীড়াদিবস পালন করা হয়। অনুষ্ঠানের সূচনা করেন প্রধান অতিথি প্রাক্তন ভারতীয় ক্রিকেটার অরুণ লাল। উপস্থিত ছিলেন ওম দয়াল এডুকেশনাল অ্যান্ড রিসার্চ সোসাইটির সচিব সাগর আগরওয়াল এবং কোষাধ্যক্ষা নাতাশা আগরওয়াল।
অরুণ লাল তাঁর অনুপ্রেরণামূলক ভাষণে খেলাধুলার মাধ্যমে মানসিক দৃঢ়তা, নেতৃত্বগুণ ও সহনশীলতা গড়ে তোলার গুরুত্বের কথা তুলে ধরেন। ক্রিকেট জীবনের অভিজ্ঞতার আলোকে তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, খেলাধুলা কেবল শারীরিক সক্ষমতা বাড়ায় না, বরং জীবনের প্রতিটি চ্যালেঞ্জ মোকাবিলায় আত্মবিশ্বাস ও চরিত্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)
বিদ্যালয়ের অধ্যক্ষ উমেশ চন্দ জয়সওয়াল তাঁর বক্তব্যে জানান, নিয়মিত ও শৃঙ্খলাবদ্ধ শারীরিক শিক্ষা ছাত্রছাত্রীদের দায়িত্বশীল, আত্মনির্ভর ও সামাজিকভাবে সচেতন নাগরিক হিসেবে গড়ে তুলতে সাহায্য করে। উদ্বোধনী পর্বে বিদ্যালয়ের চারটি হাউজের সম্মিলিত মার্চপাস্ট অনুষ্ঠিত হয়। নিজ নিজ হাউজের উজ্জ্বল রঙে সজ্জিত শিক্ষার্থীরা নিখুঁত তাল ও শৃঙ্খলার মাধ্যমে দর্শকদের মুগ্ধ করে। মার্চপাস্টের নেতৃত্ব দেন বিদ্যালয়ের হেড বয় রেওয়ান্ত কোট্রিওয়ালা এবং হেড গার্ল সোহানা রায় বর্মণ।
দর্শকদের বিশেষভাবে আকর্ষণ করে মনিপুরী মার্শাল আর্টের নৃত্যরূপ ‘থাং তা – সোর্ড অফ সিম্ফনি’। ঐতিহ্যবাহী তলোয়ার নৃত্য উপস্থাপিত হয়। পাশাপাশি চার্লি চ্যাপলিন নৃত্য, ফিটনেস ফিয়েস্তা, যোগ ও ক্যারাটে প্রদর্শনী দর্শকদের প্রশংসা কুড়িয়ে নেয়। বুলবুল গার্লস স্কাউট গ্রুপ ভারতের সশস্ত্র বাহিনীর প্রতি শ্রদ্ধা জানিয়ে একটি ছন্দময় পরিবেশনা উপস্থাপন করে। সব শেষে পুরস্কার বিতরণ করা হয়। বালক-বালিকা বিভাগের সেরা ক্রীড়াবিদ, সেরা মার্চপাস্ট, সেরা সাজসজ্জা ও শ্রেষ্ঠ হাউজকে সামগ্রিক চ্যাম্পিয়ন্স ট্রফি প্রদান করা হয়। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)


